খেলা

‘সেরা হতেই জন্মেছে রোনালদো’

ক্রিস্টিয়ানো রোনালদোর উত্থানটা একদম সামনে থেকেই দেখেছেন তিনি। জাতীয় দল কিংবা ক্লাব- দুই জায়গায়ই কার্লোস কুইরোজকে কোচ হিসেবে পেয়েছেন পর্তুগিজ অধিনায়ক। রাশিয়া বিশ্বকাপে অবশ্য সাবেক গুরু আর শিষ্যই এখন দাঁড়িয়ে মুখোমুখি। প্রতিপক্ষ হলেও রোনালদোকে প্রশংসায় ভাসাতে একটুও কার্পণ্য দেখাননি কুইরোজ।
গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে মরক্কো ও পর্তুগাল মুখোমুখি হবে আজ রাতে। সারানস্ক স্টেডিয়ামে রাত ১২টায় রোনালদোরা মুখোমুখি হবেন কুইরোজের দলের।
স্পোর্টিং ক্লাব পর্তুগাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানো রোনালদোর অধ্যবসায় দেখে অনেক আগেই রোনালদোর ‘অসাধারণত্ব’ ছুঁয়ে গেছে কুইরোজকে। সে সময়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচের দায়িত্বে ছিলেন মোজাম্বিকের এই কোচই। সবার চেয়ে যে আলাদা কেউ হবেন তরুণ উইঙ্গার, সে ভালোই টের পেয়েছিলেন কুইরোজ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোনালদো প্রসঙ্গে স্মৃতির ডায়েরিটা খুলেছিলেন কুইরোজ, ‘সেদিন আমি ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসে বসেছিলাম। কিছুক্ষণ পর দেখলাম ঝোপের ওপাশে কে যেন নড়াচড়া করছে। আমার প্রথম চিন্তা ছিল কোনো গুপ্তচর না তো? কারণ প্রায়ই এমনটা হতো। আমি সিকিউরিটিকে ডেকে ওই সন্দেহজনক ব্যক্তিটি কে, জানতে চাইলাম। গার্ডদের উত্তরটা ছিল, ‘ওটা ক্রিশ্চিয়ানো রোনালদো । সে একা একা ট্রেইনিং করছে।’ এ কারণেই সে অনন্য।’
রোনালদো যে পৃথিবীসেরা হতে যাচ্ছেন সেটা কুইরোজ টের পেয়েছিলেন আজ থেকে ১৫ বছর আগেই! অন্তত সাংবাদিকদের সামনে তেমনটাই জানালেন অ্যালেক্স গার্গুসনের সাবেক এই সহকারী, ‘ম্যানচেস্টারে থাকাকালীন (২০০৩-০৪) একবার ওকে আমি অফিসে ডেকে বলেছিলাম, ‘দেখো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তুমি পৃথিবীর সেরা খেলোয়াড় হওয়ার জন্যই জন্মেছ। স্রষ্টা তোমাকে উপহার হিসেবে এই গুণটা দিয়ে দিয়েছে, এটাই হবে তোমার গন্তব্য। বিশ্বসেরা ফুটবলার হতে তোমার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তোমার নিজের কাছেই।’
এমনটাই যদি হয়, তবে বলতে হবে হীরে চিনতে ভুল করেননি কুইরোজ। রোনালদোই আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। চলতি বিশ্বকাপে পর্তুগালের হয়ে চার গোল করা রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড সে প্রমাণটা দিয়ে যাচ্ছেন প্রতিদিনই!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button