সুস্থ হয়েও টানা ৩ বার করোনায় আক্রান্ত যুবক, শোনালেন ভয়ঙ্কর অভিজ্ঞতা

করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর আবার আক্রান্তের প্রমাণ মিলেছে আগেই। কিন্তু তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেল যুক্তরাষ্ট্রের টেক্সাসে। প্রাণঘাতী করোনাভাইরাসে গত দুমাসে তিনবার আক্রান্ত হয়েছেন টেক্সাসের ২৬ বছর বয়সী ক্রিস্টিয়ান বার্মিয়া। আর ধৈর্য ধরে রাখতে পারছেন না তিন। প্রাণঘাতী ভাইরাসের ধরণ দেখে তিনি বুঝতে পারছেন না, আদৌ সুস্থ হবেন কি না!
কানাডিয়ানভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯ মার্চ তার শরীরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। মার্চ মাস থেকে এখন পর্যন্ত ৫২ দিন আইসোলেশনে রয়েছেন তিনি।
বার্মিয়া বলেন, ‘আগের মতো আর ঘ্রাণশক্তি নেই। নাকে কোনো গন্ধ তেমন লাগে না। শরীর মারাত্মক দুর্বল থাকে সব সময়। মাথা ঘোরে। জ্বর, গলা ব্যথা লেগেই রয়েছে। এতদিন ধরে ভুগছি। এবার মনে হচ্ছে যেন আর বাঁচব না।’
চলতি সপ্তাহে আরো একবার করোনা টেস্ট হবে বার্মিয়ার। সামনের কয়েক মাস তার বেশ কয়েকবার টেস্ট হবে বলে জানিয়েছেন টেক্সাসের এই যুবক। আপাতত তাকে আইসোলেশনে থাকতে হবে। তবে ঠিক কতদিন তাকে আইসোলেশনে থাকতে হবে সেই সম্পর্কে ডাক্তাররাও কিছু বলতে পারছেন না।
ভুক্তভোগী যুবক বলেন, এই ভাইরাস মানসিক দিক থেকেও মানুষকে শেষ করে দেয়। সব সময় মন হয় যেন আমার শরীরে ভাইরাস রয়েছে এখনো। একটা অজানা ভয় চেপে ধরে। শরীর তো ভেঙে যাবেই, সেইসঙ্গে মানসিক দিক থেকেও দুর্বল করে দেবে এই ভাইরাস। নিজেকে পাগলের মতো মনে হবে।’
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এই ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১২ লাখ ৯২ হাজার ৮৭৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ৭৬ হাজার ৯৪২ জন।
সূত্র : গ্লোবাল নিউজ




