সুনামগঞ্জে আরো ৪৭ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে নতুন করে আরও ৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জেলায় নতুন করে ৪৭ জনসহ মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৫৮ জন।
নতুন শনাক্তদের মধ্যে ছাতক উপজেলায় ১০, দোয়ারাবাজারে ৪, জামালগঞ্জে ৬ শাল্লা, ৫, জগন্নাথপুরে ৮, সুনামগঞ্জ সদরে ৭, তাহিরপুর ৪ এবং দিরাই উপজেলায় ৩ জন রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭৫৮ জন। আর মারা গেছেন ৪ জন। এদিকে জেলার ৮ উপজেলার ১৫টি এলাকাকে রেডজোন হিসেবে ঘোষণা করে কার্যকর করা হয়েছে।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে ৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ২৭৩টি নমুনা গ্রহণ করা হয়। ২৭৩টি নমুনা পরীক্ষা করে ৪৭টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। যার সবগুলোই সুনামগঞ্জের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে ১২ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হলে এখন জেলার করোনায় আক্রান্ত ৭৫৮ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৮৭২ জন। আইসোলেশনে গেছেন ৭৫৮ জন।
এদিকে এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৫ জন। আর মৃত্যবরণ করেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলায় আরো ৪৭ জন শনাক্ত হয়েছেন। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।
সবাইকে সচেতন ও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে নয়তো ভয়াবহ বিপদ হতে পারে।
এদিকে আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে এবং এসব আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও সবার করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ করা হবে।




