সীমান্তে মাদক কারবারির গুলিতে সাংবাদিক নিহত
বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কুমিল্লার বুড়িচং উপজেলার শঙ্কুচাইলে দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সংবাদকর্মী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় শঙ্কুচাইল ভারত সীমান্তবর্তী এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা।
মহিউদ্দিন কুমিল্লার স্থানীয় সংবাদপত্র দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তার পকেটে ওই সংবাদপত্রের পরিচয়পত্র পায় পুলিশ।
এর আগে তিনি আন্দন টেলিভিশনের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন।
এ প্রসঙ্গে বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মহিউদ্দিন নিহত হয়েছেন। মাদক কারবারিরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ খবর নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ভারতীয় সীমান্তে দুর্বৃত্তের গুলিতে আহত মহিউদ্দিন সরকার নাঈমকে স্থানীয়রা হাসাপাতালে নিয়ে যান। কিন্তু দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, হাসপাতালে তাকে রাত সাড়ে ১০টার দিকে নিয়ে আসা হয়। শরীরের ৪ থেকে ৫টি স্থানে গুলির চিহ্ন রয়েছে। তাকে আমরা মৃত অবস্থায় পাই।



