আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সিন নদীর পানি বৃদ্ধি : প্যারিসে বন্যার শঙ্কা

ফুলে ওঠা সিন নদীর পানি উপচে পড়তে পারে শঙ্কায় ফ্রান্সের প্যারিসের নদীতীরবর্তী বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ার পর শহরের বেশ কিছু বাড়ির বেইজমেন্টের ফুটো দিয়েও পানি উঠার খবর পাওয়া গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
বৃষ্টির কারণে এরইমধ্যে অনেক রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
সিন নদীতে নৌভ্রমণ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু নদীর পানি বেড়ে যাওয়ায় নৌ যাতায়াত ব্যাহত হচ্ছে।
আবহাওয়াবিদদের আশঙ্কা , এবার সিনের পানির উচ্চতা ছয় মিটার পর্যন্ত বাড়বে, যা স্বাভাবিকের চেয়েও চার মিটার বেশি।
পন্ত দে লামার ক্রিমিয়ান সোলজারের একটি মূর্তির মাধ্যমে সাধারণত নদীটির পানির উচ্চতা পরিমাপ করা হয়।

শুক্রবার জোয়াভে নামের ওই ভাস্কর্যটির পায়ের উপরিভাগ পর্যন্ত পানি পৌঁছায়।
১৯১০ সালে একবার সিন নদীর পানি মূর্তিটির ঘাড় পর্যন্ত পৌঁছেছিল, সেবার পুরো শহর প্রায় দুই মাস জলাবদ্ধ ছিল।
বন্যার আশঙ্কায় শহরের ব্যস্ত কমিউটার ট্রেন সার্ভিস আরইআর-সি আগামী সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ল্যুভ জাদুঘরের ইসলামিক আর্টসের লোয়ার লেভেলও।
শহরের বিভিন্ন নর্দমায় ইঁদুরের উৎপাতও আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
এবছর ডিসেম্বর-জানুয়ারি মৌসুমে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে ফ্রান্সের আবহাওয়া বিভাগ জানিয়েছে।
কয়েকদফা তাপদাহের পর এ বন্যাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে উল্লেখ করে শহরের মেয়র অ্যান হিডালগো বলেছেন, এ পরিবর্তন শহরটি মানিয়ে নিতে পারবে কিনা, তাই এখন দেখার বিষয়।

ওই অঞ্চলের মাটির পানি শোষণক্ষমতা কম থাকায় উপচে পড়া পানি আগামী সপ্তাহ পর্যন্ত থেকে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button