সিদ্দিকুরের দায়ভার নিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে দুই চোখ ক্ষতিগ্রস্ত হওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চিকিত্সার দায়ভার নিতে কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে চোখে কালো কাপড় বেঁধে সাত কলেজের শিক্ষার্থীদের আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। সমাবেশ থেকে জানানো হয়, সাত কলেজের শিক্ষার্থীদের চলমান সংকট নিরসন ও শিক্ষার্থীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারও আল্টিমেটামের অন্তর্ভুক্ত থাকবে। এ সময়ের মধ্যে দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অধিভুক্ত সাত কলেজের পক্ষ থেকে সাত জন প্রতিনিধি। শিক্ষার্থীদের পক্ষ থেকে আল্টিমেটাম কর্মসূচি ঘোষণা দেন তিতুমীর কলেজের শিক্ষার্থী রিয়াজ মাহমুদ। তিনি বলেন, অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশি হামলাসহ সকল দাবি মেনে নিতে আগামী ২৫ তারিখ পর্যন্ত কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেয়া হলো। এ সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ২৬ তারিখ বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায়ের আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।
এর আগে সকালে স্ব-স্ব কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের হামলা ও শাহবাগ থানায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করেন। তারা তাদের কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নীল ক্ষেত মোড়ে এসে স্লোগান দিতে থাকে। এসময় প্রায় দেড় ঘণ্টা নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ থাকে।




