সিংগাইরে বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা বিএনপি ঘোষিত নবগঠিত সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির অসাংগঠনিক-অবৈধ পকেট কমিটি প্রদানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপির পদ বঞ্চিত একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে শতাধিক মোটর সাইকেল নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলার চারিগ্রামে সাবেক এমপি মঈনুল ইসলাম খান শান্তর বাসভবন চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফি উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
তিনি বলেন, দলীয় নির্দেশনা উপেক্ষা করে বুধবার (২১ জুন) জেলা বিএনপির পক্ষ থেকে মনগড়া ও গোঁজামিল দিয়ে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে, যেটা সাংগঠনিকভাবে হয়নি। আগে যে কমিটি ছিল, সেটা গণতান্ত্রিক উপায়ে। উনারা পূনর্বিন্যাসের কথা বলে আমাদের সাথে সমন্বয় না করে একতরফাভাবে কমিটি ঘোষণা করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, বর্তমানে একটা দুর্যোগপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ করে এরকম একটি অবৈধ পকেট কমিটি ঘোষণার পেছনে কোনো মোটিভ থাকতে পারে। নেতাকর্মীদের আগামীর আন্দোলনে ধৈর্য ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা খান রতন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সানোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা মো: আলাউদ্দিন, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, আব্দুল গফুর, রিয়াজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, জামশা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসেম খান, তালেবপুরের লুৎফর রহমান, বলধারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, শায়েস্তা ইউনিয়ন বিএনপি নেতা শরীফ মৃধা, উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাসেম খান, সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী আনোয়ার হেসেন, ছাত্রদল নেতা আলমাস হোসেনসহ বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন পর্যায়ের নেতা।
উল্লেখ্য, বুধবার (২১ জুন) দুপুরে জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন স্বাক্ষরিত মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির ১০১ সদস্যের পুনর্বিন্যাসকৃত সিংগাইর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন করেন।




