slider

সিংগাইরে সরিষার বাম্পার ফলন, বদলে দিতে পারে ভোজ্যতেলের হিসাব নিকাশ

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রায়দক্ষিণ ব্লকে চলতি মৌসুমে ৭০ বিঘা জমিতে চাষ করা হয়েছে উচ্চ ফলনশীল বারি-১৮ সরিষা । অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় ফলনও হয়েছে বাম্পার। যা তাক লাগিয়ে দিয়েছে কৃষক ও কৃষি কর্মকর্তাদের ।

সরেজমিনে রবিবার (১৯ ফেব্রুয়ারি) ওই ব্লকের কমলনগর গ্রামের কৃষক নৃপেন চন্দ্র রায়(৭০) আমাদের অর্থনীতিকে বলেন, নতুন জাতের এ সরিষা আবাদ করতে আমরা আগ্রহী ছিলাম না। উপ-সহকারি কৃষি কর্মকর্তা দুলাল চন্দ্র সরকার ৫ দফায় দিনে ও রাতে আমাদের নিয়ে গ্রুপ মিটিং করেন। তার অনুপ্রেরণা ও সার্বিক তত্ত্বাবধানে আমরা প্রায় ৭০ বিঘা জমিতে বারি-১৮ সরিষা চাষ করি। ৫০ বছরের কৃষি জীবনে সরিষার এমন ফলন দেখিনি। বলরাম মন্ডল (৫২) ও ইউনুছ আলী (৬০) বলেন, এ যাবতকালের চাষকৃত সরিষার ফলন যেখানে বিঘায় ৩ থেকে ৪ মণের বেশি হয়না সেখানে বারি-১৮ সরিষা প্রায় ৮ থেকে ১০ মণ ফলন দিচ্ছে। অল্প পুঁজিতে আমরা অধিক লাভবান হচ্ছি। আগামীতে বেশী পরিমাণ জমিতে এ জাতের সরিষা আবাদ করবেন বলেও তারা জানান।

উপসহকারি কৃষি কর্মকর্তা প্ল্যান্ট ডক্টর ও মাষ্টার ট্রেইনার আইপিএম,আইসিএম দুলাল চন্দ্র সরকার বলেন, আমার ব্লকে চাষকৃত বারি-১৮ সরিষার ফলন দেখতে আশপাশের কৃষকরা ভীড় করছেন। দেশব্যাপী ব্যাপক হারে এর আবাদ ছড়িয়ে দিতে পারলে আমাদের আর বিদেশ থেকে ভোজ্য তেল আমদানি করতে হবে না।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউট এর গবেষণায় বলা হয়েছে বারি-১৮ বিঘা প্রতি ফলন সাড়ে ৮ মণ। এতে প্রচলিত সরিষার চেয়ে তেলের পরিমাণ বৃদ্ধি পায় অন্তত ২ শতাংশ। উচ্চ ফলনশীল ও স্বাস্থ্যকর তেলের উৎস হিসেবে ক্যানোলা কোয়ালিটি সমৃদ্ধ বারি-১৮। এ জাতের তেলে ইরোসিক এসিডের পরিমাণ ১.০৬ শতাংশ। যেখানে বর্তমানে বাংলাদেশের চাষকৃত অন্যান্য উন্নত সরিষার তেলে ইরোসিক এসিডের পরিমান ৪০-৪৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button