
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের জনৈক ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের অভিভাবকের হাতে ইংরেজি শিক্ষক আব্দুল কুদ্দুসকে মারধরের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এবং শিক্ষককে মারপিটের সাথে জড়িতদের শাস্তি দাবি করেন। এসময় আঞ্চলিক মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
এ ঘটনায় অভিযুক্ত অভিভাবকরা হলেন, বায়রা ইউনিয়নের গারাদিয়া গ্রামের বাছেদের পুত্র সোহেল(৪০), জামালপুর গ্রামের নুবাখাঁনের পুত্র সেলিম(৪৫) ও গারাদিয়া গ্রামের আসমান দেওয়ানের পুত্র রবিন(৪০)।
বিক্ষোভে ৯ম শ্রেনীর শিক্ষার্থী আতকিয়া লাবিবা, তায়েবা আক্তার ও ১০ম শ্রেনীর শিক্ষার্থী রাহুল অন্যায়ভাবে শিক্ষককে মারধরের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিচার দাবি করেন।
ভুক্তভোগী শিক্ষক আব্দুল কুদ্দুস জানান,শিক্ষার্থীদের অভিভাবক আমাকে অন্যায়ভাবে মারধর করেছে। তিনি এর সুষ্ঠু বিচার চান।
বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দেওয়ান রফিকুল ইসলাম শিক্ষককে মারধরের ঘটনা স্বীকার করে এর সুষ্ঠু সমাধান চান। সেই সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
অভিভাবক সদস্য মো.জহিরুল ইসলাম শিক্ষকের ওপর হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। এজন্য বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষ থেকে আমি কোন অভিযোগ পাইনি। তবে শিক্ষকের মারধরের ঘটনায় শিক্ষার্থীরা দুপুরে আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করলে যানজটের সৃষ্টি হয়। বিষয়টি অবগত হয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয় । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দ্রুত এর সমাধানের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, প্রাইভেট পড়তে এসে জনৈক ৯ম শ্রেনীর ছাত্র/ছাত্রীদ্বয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে ইংরেজী শিক্ষক আব্দুল কুদ্দুস রবিবার সকালে তাদের শাসন করে। ওই শিক্ষার্থীদ্বয় অভিভাবকদের নিকট শিক্ষকের বিরুদ্ধে অসাদাচরণ করার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে প্রবেশ করে ওই শিক্ষককে মারধর করেন।



