সিংগাইরে নৌকার প্রচারণা ক্যাম্পে আগুন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকের অস্থায়ী প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বৈরাগীটেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা প্রতীকের প্রচারণার জন্য ওই এলাকায় গ্রামীণ ব্যাংকের পূর্বপাশে সোমবার (২৫ ডিসেম্বর) ত্রিপল দিয়ে অস্থায়ী ক্যাম্প করেন নৌকার কর্মী-সমর্থকরা। সকালে স্থানীয়রা দেখেন ক্যাম্পটি আগুনে সামান্য অংশ পোড়া। বিষয়টি মুহূর্তে নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়ে।
উপজেলার সায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মামুন টিপু অভিযোগ করে বলেন, আমাদের প্রতিপক্ষরা শেষ রাতে এমন ঘটনা ঘটিয়েছে। তবে কারাে নাম বলতে পারেনি। খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান জানান, আমি গিয়ে ক্যাম্পটি পোড়া দেখেছি। তবে কে বা কারা পুড়িয়েছে তা কেউ বলতে পারেনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন,ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ও থানার ওসি গিয়েছিলেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।




