সিংগাইরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) : উচ্ছেদের দেওয়ানী মামলা বিচারাধীন থাকাবস্থায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জায়গায় ঘর নির্মাণ করছেন বিবাদীপক্ষ। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা মৌজায়।
এর আগে অভিযোগকারী বাস্তা গ্রামের মোঃ তিলামুদ্দিনের পুত্র ফারুক হোসেন ওই বিরোধপূর্ণ জায়গা নিজের স্বত্ত্ব দাবী করে সিংগাইর সহকারি জজ আদালতে দেওয়ানী মামলা করেন। মামলা চলমান অবস্থায় একই গ্রামের বিবাদী তারেক গং কয়েক দফায় ওই জমিতে ঘর নির্মাণের চেষ্টা করে। এ সময় দু’গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে ফারুক হোসেন বাদি হয়ে আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত স্থাপনা নির্মাণের বিষয়ে স্থিতাবস্থায় থাকার নির্দেশ দেন। এ নিয়ে একাধিক জাতীয় দৈনিকে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। আদালতের নির্দেশ অমান্য করে বিবাদী মৃত আব্দুল বারেকের ছেলে তারেক হোসেন, মিঠুন হোসেন, সিদ্দিক হোসেন, কফিল উদ্দিনের ছেলে সাইদ ও তার ছেলে সোহাগ ওরফে শামীম ওই জায়গার মধ্যে পূনরায় রোববার (১৯ নভেম্বর) সকালে নতুন করে ঘর নির্মাণ করে।
সরেজমিন বুধবার (২২ নভেম্বর) স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, জায়গাটিতে আদালতে মামলা ও নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও তারেক হোসেন লোকজন নিয়ে সশস্ত্র অবস্থায় জোরপূর্বক ঘর তুলে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাদী ফারুক হোসেন বলেন, জায়গাটির উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইনগতভাবেই মোকাবেলা করব।
অভিযুক্ত তারেক হোসেন বলেন, আমি খরিদ সুত্রে মালিক। ফারুক হোসেন দেওয়ানী মামলা করলে আমি তার জবাব দিয়েছি। নিষেধাজ্ঞা চাইলেও আদালত তা গ্রহণ করেননি।



