Uncategorized

সিংগাইরে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি, অগ্নিদগ্ধ-২

নিজস্ব প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন ২ জন। রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া বাসষ্ট্যান্ডে রফিক মার্কেটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই মার্কেটের আব্দুল মালেকের ব্যবসা প্রতিষ্ঠান মা ট্রেডার্স থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ওই দোকানের ডিজেল, মবিল, পেট্রোল , এলপি গ্যাস সিলিন্ডার, হার্ডওয়ারসহ সমস্ত মালামাল পুড়ে যায়। সেই সঙ্গে পার্শ্ববর্তী শচিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, আবুল হোসেন ও ঈমান মুন্সির বসতঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় মা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আঃ মালেকের পিতা নাজিম উদ্দিন (৭৫) ও কর্মচারী শাহীনুর ইসলাম (৩০) অগ্নিদগ্ধ হন। দু‘জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, মা ট্রেডার্সয়ের ৫০-৬০ লাখ, আবুল হোসেনের ১০ লাখ, শচিন রায়ের ৭ লাখ, ঈমান মুন্সির প্রায় ২ লাখ টাকার মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ এ অগ্নিকান্ড চলাকালীন সময়ে গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল পুড়ে যাওয়ার সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আরো জানান, মা ট্রেডার্সে গ্যালনের ফুটো আগুন দিয়ে গলিয়ে সারাতে গিয়ে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোঃ শরিফুল ইসলাম বলেন, ধারনা করছি, তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরো বলেন, দক্ষিণ পাশের খালে পানি থাকায় আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button