Uncategorized

সাভার বেদে পল্লীতে ক্লিনিক স্থাপনের আশ্বাস

সোহেল রানা,সাভার(ঢাকা): পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে সাভারে সেবা ক্যাম্প পরিদর্শনে এসে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় বেঁদে ও ভাসমান জনগোষ্ঠীর জন্য স্থায়ী ক্লিনিক স্থাপনের আশ্বাস দিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু।
বুধবার(২২ ডিসেম্বর) সকালে সাভার পৌর এলাকার বেদেপল্লীর বক্তারপুর এলাকায় এ বিশেষ সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রমজান আহমেদ। এ আয়োজনের সভাপতিত্ব করেন সাভার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন। এসময় প্রায় দেড়শ গর্ভবতী মায়েদের প্রজনন স্বাস্থ্য নিয়ে পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ পথ্য বিতরণ করা হয়েছে।
সাভার পৌরসভার কাউন্সিলর রমজান আহমেদ বলেন, সুবিধাবঞ্চিত, অবহেলিত মানুষের বসবাস এই বেদেপল্লীতে। এর আগে তারা এমন কোন সেবা পায়নি। এখানে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও উন্ননয়নের ছোয়া লেগেছে। আগের চেয়ে বাল্যবিবাহের হার অনেক কমেছে। আয়োজনে উপস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্বাস্থ্যসেবা আরো বৃদ্ধি করার জন্য এই এলাকায় স্বাস্থ্যকেন্দ্র বা ক্লিনিক স্থাপনের আহবান জানান তিনি।
এ আহবানে সাড়া দিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু বলেন, এখানে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করার জন্য পরীক্ষা নিরিক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে স্থায়ীভাবে সেবা কার্যক্রম চালু করার জন্য সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করবো। আপাতত হয়ত ক্লিনিক হিসেবে আমরা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালনা করতে পারবো।
তিনি আরও বলেন, সেবা ও প্রচার সপ্তাহ ছাড়াও আমরা কিভাবে নিয়মিত এমন আয়োজন করতে পারি তার ব্যবস্থা করবো। মা ও শিশু মৃত্যুর হার এখন কমে গিয়েছে। মাতৃমৃত্যু ও অনাকাংখিত গর্ভধারণ রোধ করা আমাদের এই সেবা সপ্তাহের মূল লক্ষ্য। সত্যিকার অর্থে এখানে এসে আমি অভিভূত হয়েছি। এখানে সেবাগ্রহীতারা বেঁদে বা যাযাবর জীবন যাপন করে। স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে তারাও যে স্বাস্থ্যসেবা পাচ্ছে এটা সেবার অনন্য উদাহরণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button