খেলা

সাকিবকে আইসিসির শুভেচ্ছা

সাকিব আল হাসানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা- আইসিসি। আজ ৩১ বছরে পা দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০’ এর এই অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি।
শুভেচ্ছা বার্তায় লিখেছে, ‘১০০৭৪ রান, ৪৯৮ উইকেট (চলছে), টেস্ট ও একদিনের ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডার। ৩১তম জন্মদিন শুভ হোক সাকিব আল হাসান!’
২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিব আল হাসানের। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি-২০ ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়।
ওয়ানডে অভিষেকের পরের বছরই ভারতের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে অভিষেক হয় সাকিবের। আর ২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ খেলেন তিনি।
২০০৯ সালে একমাত্র বাংলাদেশী অলরাউন্ডার হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেন তিনি। এরপর টেস্টেও এক নম্বর আসনটি পাকা করেন। ২০১৫ সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে সেরা অলরাউন্ডার হন সাকিব। সম্প্রতি ইনজুরির কারণে বেশ কয়েকটি ম্যাচে মাঠে নামতে না পারায় অলরাউন্ডারের টি-২০ ফরম্যাটে তিন নম্বরে নেমে গেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে তিন শ’টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব।
৫১ টেস্টে ৯৬ ইনিংসে ব্যাট করে ৪০.৩৮ গড়ে ৩৫৯৪ রান করেছেন। রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি। সাদা পোশাকে তার সর্বোচ্চ ইনিংস ২১৭। এটি আবার বাংলাদেশের ইতিহাসেও সর্বোচ্চ। সমান টেস্টে ৮৬ ইনিংসে বল করে পেয়েছেন ১৮৮টি উইকেট। যেখানে বোলিং গড় ৩২.৩৭ ও ইকোনোমি ৩.০১।
ওয়ানডেতে ১৮৫ ম্যাচে ১৭৪ ইনিংসে ৩৪.৯৫ গড়ে ৫২৪৩ রান করেছেন সাকিব। সেঞ্চুরি হাঁকিয়েছেন সাতটি। হাফ সেঞ্চুরি ৩৭টি। বল হাতে ওয়ানডেতে শিকার করেছেন ২৩৫টি উইকেট। সেরা ৪৭ রানে ৫ উইকেট।
আর টি-২০তে ৬৩ ম্যাচে ৬৩ ইনিংসে ২২.৪৯ গড়ে করেছেন ১২৩৭ রান। অর্ধশত সাতটি। বল হাতে নিয়েছেন ৭৫টি উইকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button