
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বর্তমান সরকারকে ‘গণতন্ত্র হত্যাকারী’ হিসেবে আভিহিত করেছেন।
আজ (সোমবার) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রেখে ও হাজার হাজার নেতাকর্মীকে হত্যা-নির্যাতনের মাধ্যমে এ সরকার গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করতে চাইছে। এই সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বিরুদ্ধেই কাজ করছে। তাই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।
তিনি বলেন, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।
র্যালিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমি এখন কোর্ট থেকে এসেছি। আমাকে সকালে জামিন দেয়ার কথা ছিল কিন্তু তারা শুধু শুধু দুপুর পর্যন্ত আমাকে বসিয়ে রেখেছে। আমি দেখেছি গায়েবি মামলায় জামিন না দিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কোর্টে আটকে রাখা হয়েছে। তারপরও আজকে দেখুন এখানে লাখ লাখ জিয়াপ্রেমিক নেতাকর্মী উপস্থিত হয়েছেন।’
তিনি বলেন, ‘অনেকে প্রশ্ন করেন, বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন কবে শুরু হবে? আমি বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন শুরু হয়ে গেছে। এই আন্দোলন থামিয়ে রাখা যাবে না। বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।’
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার ২৯ তারিখ রাতে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। তাই এই সরকারকে আমাদের মানার দরকার নেই।’
বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।




