সরকার ও সরকারি দলের উসকানি-আক্রমণ মোকাবেলা করে শান্তিপূর্ণ ভাবে হরতাল সফল করুন–আবু হাসান টিপু

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো’র সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন খাদ্য পরিস্থিতি মোকাবেলায় ব্যার্থ সরকারকে গণ আন্দোলনের মাধ্যমেই বিদায় দিতে হবে। তিনি আশংকা ব্যক্ত করে বলেন খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের শান্তিপূর্ণ হরতালকে প্রশ্নবিদ্ধ করতে সরকারও সরকারি দল নানা কৌশলে উসকানি ও নাশকতা সৃষ্টি করে বামজোট নেতাকর্মিদের বিরুদ্ধে দোষ চাপানোর চেষ্টা করতে পারে। তাই সরকার ও সরকারি দলের সকল ধরনের উসকানি ও হামলা আক্রমণ মোকাবেলা করে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
আবু হাসান টিপু বলেছেন, এই হরতাল বাজারে দখলকারী মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে, বাজারের নৈরাজ্যের বিরুদ্ধে, এই হরতাল মানুষকে রক্ষায় সরকারের সীমাহীন ব্যর্থতার বিরুদ্ধে, এই হরতাল অতি আবশ্যক খাদ্যপণ্য নিয়ে দূর্নীতির বিরুদ্ধে। আর তাই ৩০ লক্ষ শহিদ ও ৩ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বাংলায় মানুষের জীবন নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেয়া যাবে না ।
আজ রবিবার সকালে বামজোট আহুত ২৮মার্চ হরতালের সমর্থনে নারায়ণগঞ্জস্থ হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভাতে সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোক্তার হোসেন, সুরুজ আলী মাতুব্বর, খোকন রাজ, সামসুজ্জামান বাবর প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



