সমাবর্তনের পরেই জকসু নির্বাচন: জবি উপাচার্য

চলতি বছরের শেষের দিকে সমাবর্তন হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বৃহস্পতিবার (০৪ জুলাই) শিক্ষার্থীরা ৭ দফা দাবি নিয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করলে উপাচার্য নিজ কার্যালয়ে ডেকে এ কথা জানান।
এদিকে সকাল থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। দুপুর ১২টার পর থেকে পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল শেষে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বন্ধ করে দেয়া হয় মূল গেট। এতে কার্যালয় ও প্রশাসনিক ভবনের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিতে থাকে। প্রক্টর তারপর উপাচার্যের কাছে ছাত্র প্রতিনিধিদের নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
উপাচার্য বলেন, নতুন ক্যাম্পাসে সব হবে। এ বিশ্ববিদ্যালয়ে আর কোনও কিছু খরচ করা হবে না।
বাসের ডাবল শিফট চালু করার কথা বললে, তিনি বলেন ডাবল শিফট দেয়া সম্ভব না তবে একই রুটে ২টি করে বাস দেয়া হবে শিগগিরিই। জকসু নির্বাচন এখন না সমাবর্তনের পরে। তবে আইন প্রণয়ন এর জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। ডিপার্টমেন্টের সমস্যাগুলো বিভাগীয় চেয়ারম্যানকে লিখিত দিয়ে উপাচার্জকে এক কপি পাঠানোর পরামর্শ দেন শিক্ষার্থীদের।
ক্যান্টিনে খাবার মান উন্নয়ন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিম ভুঁইয়া বলেন, আগামী ১ মাসের মধ্যে এর চেহারা পাল্টে ফেলবেন তিনি। এ জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শও চান। তার হাতে থাকা ক্যান্টিনের নতুন নকশা দেখান। খাবার মূল্যের বেশ পরিবর্তন আনা হয়েছে নতুন নকশায়।
আন্দোলনের সমন্বয়কারী রাইসুল ইসলাম নয়ন বলেন, আমাদের মাঝে স্যাররা আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। উনারাই বলবেন কি ধরনের সুযোগ-সুবিধা পেয়ে এসেছেন। আমাদের সমস্যা হাজারটা। আমাদের বারবার বলা হবে দাবি মেনে নিয়েছি সে আশ্বাস আমরা মানবো না। আমাদের ৭ দফা দাবি অনেকবার বলা হয়েছে সিন্ডিকেট সভা ডেকে সিদ্ধান্ত নিতে। দাবি মেনে নিয়েছি বলে তারপর কোনও পদক্ষেপ নেয়া হয় না। আপনারা যদি আমাদের সন্তান ভাবতেন তাহলে এর দায়বদ্ধতা নিতেন। এছাড়াও নানা সমস্যার কথা তুলে ধরা হয়।
উল্লেখ্য, জকসু নির্বাচনসহ ৭ দফা দাবিতে গত ১ জুলাই উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমানোর দাবি, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু, সাত দিনের মধ্যে জকসু আইনের খসড়া করে আগামী চার মাসের মধ্যে জকসু নির্বাচন দেওয়ার আহ্বান, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালুর দাবি, শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০% জবিয়ানদের অগ্রাধিকারের দাবি, গবেষণা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি এবং নতুন ক্যাম্পাসের কাজ অতিদ্রুত শুরু করতে হবে।
পূর্বপশ্চিম




