
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে আলাদা ইউনিট করে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত রোববার (২৪ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠি ইতোমধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সূত্রে বর্ণিত (১) ও (২) নং স্মারকে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিকসমূহে Covid এবং Non-Covid রােগীদের টিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করে, একই হাসপাতালে কোভিড-১৯ ও নন-কোভিড রোগীদের ভিন্ন ভিন্ন অংশে স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেছেন।
এমতাবস্থায়, বিশেষজ্ঞদের পরামর্শ ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী কোভিড এবং নন-কোভিড রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা ও তার বেশি শয্যা বিশিষ্ট সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিড ও নন-কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা চালুর নির্দেশ প্রদান করা হল।’
প্রসঙ্গত, চীনে উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রথম সংক্রমণ দেশে ৮ মার্চ প্রথম ধরা পড়ে। এরপর থেকে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত সারাদেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩৬ হাজার ৭৫১ জন। ইতোমধ্যে মারা গেছেন ৫২২ জন।



