sliderজাতীয়শিরোনাম

সব নদীতে পানি বাড়ছে, সিলেটে আবারো বন্যার আশঙ্কা

অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের সবকটি নদ-নদীর পানি বাড়ছে। যার ফলে ফের বন্যার কবলে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, গত তিনদিন ধরেই অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, কুশিয়ারাসহ সিলেটের বিভিন্ন নদীর পানি বেড়ে চলেছে। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। ক্রমেই বিপজ্জনক পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে সুরমা, কুশিয়ারার পানি।
পাউবোর তথ্যমতে, গত শুক্রবার দুপুর ১২টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে ছিল ৯.৪৬ মিটার। আজ রোববার দুপুর ১২টায় পানিসীমা দাঁড়ায় ৯.৯৩ মিটারে। অর্থাৎ ৪৮ ঘণ্টায় পানি বেড়েছে ৪৭ সেন্টিমিটার। এ নদীর পানি গত শুক্রবার দুপুরে কানাইঘাট পয়েন্টে ছিল ১১.৯৬ মিটার; আজ দুপুরে হয় ১২.৩৫ মিটার। কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে গত শুক্রবার দুপুরে ছিল ১৩.৬৫ মিটার। আজ দুপুরে হয়েছে ১৪.৩০ মিটার। এ নদীর পানি শেওলা পয়েন্টে গত শুক্রবার সকাল ৯টায় ছিল ১১.৪৩ মিটার; আজ সকাল ৯টায় দাঁড়ায় ১২.০৮ মিটারে। শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি বেড়েছে। এখানে গত শুক্রবার দুপুরে পানিসীমা ছিল ৭.৩৮ মিটার; আজ দুপুরে হয়েছে ৭.৬৭ মিটার।কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে গত শুক্রবার পানিসীমা ৯.৪১ মিটার ছিল,আজ রোববার পানি বেড়ে হয়েছে ৯.৭৬ মিটার। এদিকে, কানাইঘাটের লোভা নদীর পানি গত শুক্রবার এ নদীর পানিসীমা ছিল ১২.৫৬ মিটার; আজ রোববার হয়েছে ১২.৮৪ মিটার। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্যমতে চলতি মাসেই সিলেট অঞ্চল বন্যার কবলে পড়তে পারে। তবে এ বন্যার দীর্ঘায়িত হবে না বলে আভাস দিয়েছে তারা।
উল্লেখ্য,গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছিল সিলেট ও সুনামগঞ্জ। প্রায় এক সপ্তাহ স্থায়ী সে বন্যায় সিলেট অঞ্চলে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button