সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা (অনুশীলন ৯৬): ‘বড় কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৯৬ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৯৬: ‘আপনার চাইতে বোধসম্পন্ন কারো সঙ্গে যোগাযোগ করুন’
বড় কোনো সংগঠন বা কর্মকাণ্ডের সাথে সম্পর্ক রাখলে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি একজন সুখী মানুষ হিসেবে গড়ে উঠবেন। পজিটিভ সাইকোলজির প্রতিষ্ঠাতা ‘মার্টিন সেলিগম্যান’ একজন মানুষের সুস্থতার জন্যে এটিকে একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন। আপনি কিসের সঙ্গে নিজেকে সংযুক্ত করবেন? আপনি কী-
– কোন ধর্ম অনুসরণ করেন?
– প্রকৃতি এবং পৃথিবীর জন্য মমতা অনুভব করেন?
– কোন গোষ্ঠীকে নিয়ে কাজ করেন তাদের জীবনযাপন উন্নত করার লক্ষ্যে?
– নারী অধিকার কিংবা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করেন?
– আপন পরিবারকে সময়, ভালোবাসা দিয়ে সমৃদ্ধ করেন?
আপনি হয়তো সরাসরি এ কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত নয়। কিন্তু সত্য কথা বলতে, আমরা সকলেই মনে মনে এমন একটি জীবন আশা করি। যখন আমি ব্যস্ত ও উচ্চাকাঙ্ক্ষী নেতাদের প্রশিক্ষণ দিই, তখন চেষ্টা করি তাদের সঙ্গে একই ধরনের উপসংহারে আসতে। তা না হলে, তাদের জাগতিক স্বপ্ন এবং যেভাবে তারা জীবন কাটাতে চান, তার মধ্যে দৃশ্যমান অনেক পার্থক্য লক্ষ্য করা যায়।
কোন ক্ষেত্রে মনোনিবেশ করবেন, বুঝতে পারছেন না?
নিজের সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগাতে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করুন,
– আশেপাশে লক্ষ্য করলে কোন জিনিসের ব্যাপারে আপনি বেশী উৎসাহ অনুভব করেন?
– আমার নিজস্ব সত্তা এবং পরিবারের উপরে কার কথা ভাবি আমি?
– পৃথিবীতে একটিমাত্র জিনিস আমি বদলাতে পারলে সেটি কী হবে?
এগুলোর কোন সঠিক কিংবা ভুল উত্তর নেই। আপনাকে নির্দিষ্টভাবে কিছু করতে হবে না। আপনি যদি পৃথিবী বদলাতে না চান কিংবা কোন দাতব্য সংস্থানে কিছু দান করতে না চান তবে লজ্জিত হওয়ার কিছু নেই। আপনার যা সত্য ও সুন্দর মনে হয়, তা-ই করুন। দিন শেষে আপনি যেন পরিপূর্ণ বোধ করেন সেদিকে খেয়াল রাখুন।
অতিরিক্ত কিছুই বোধ হয় আপনার জন্যে উত্তম
নিজের চাইতে বড় কোনো কর্মকাণ্ডে যত সময় ব্যয় করবেন, ততো আপনি জীবনের নতুন অর্থ খুঁজে বের করতে পারবেন। আপনি হয়তো ব্যস্ত বলে এসব দিকে মনোযোগ দেন না, কিন্তু আদতে ব্যস্ত মানুষগুলোই অন্যকে সাহায্য বেশি করে। রুজভেল্টের একটি গুরুত্বপূর্ণ কথা বলতেই হয় এক্ষেত্রে, ‘আপনি যখন যা পারেন তাই করে দেখান।’


