সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা (অনুশীলন ৮১): ‘জনপ্রিয়তার ওপর নির্ভর না করে নিজের চরিত্রকে সুগঠিত করুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৮১ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৮১: ‘জনপ্রিয়তার ওপর নির্ভর না করে নিজের চরিত্রকে সুগঠিত করুন’
আমরা এখন ‘লাইক’ এর সভ্যতায় বসবাস করি। ফেসবুক, ইন্সটাগ্রাম, এবং ইউটিউব যেন সে সভ্যতার চাকাকে আরো বেগবান করেছে। আমরা যতো যাই করি না কেন, সবকিছু মানুষকে দেখাতে এবং মন্তব্য পেতে এতো আগ্রহী হয়ে গিয়েছি যে অন্য কোন কিছু আমাদের মাথায় কাজ করছে না।
আমরা ভুলে যাই যে এ ধরনের জনপ্রিয়তা আসলে ক্ষণস্থায়ী এবং সত্যিকারের আনন্দ, ভালোবাসা ও উদ্যম থেকে এটি আমাদের দূরে সরিয়ে রাখে। আমেরিকান সাংবাদিক হর্যাস গ্রিলে বলেছেন, খ্যাতি হলো ধোঁয়ার মতন, জনপ্রিয়তা দুর্ঘটনার মতন এবং এগুলোর মাধ্যমে ধনশালী মানুষেরা লাভবান হচ্ছেন। আমাদের চরিত্রই শেষ পর্যন্ত আমাদের সত্যতা বিচার করে থাকে।
টিভিতে বিভিন্ন গানের এবং রিয়েলিটি শো হয়ে থাকে যেগুলোতে দেখা যায় যিনি সবচেয়ে বেশি ভোট পান দর্শকদের তিনিই বিজয়ী হিসেবে বিবেচিত হন। কিন্তু আদতেই কি তাই ঘটে? যার গান যতো বেশি হিট পায়, যার অনুসারী সংখ্যা প্রায় লাখখানেক তিনি কি সত্যিই বেশি প্রতিভাবান?
সত্যিকারের দুনিয়ায় কতদিন এসব মানুষ ধোপে টিকবেন? আপনি যদি সত্যিকারে ভালো কোন কাজ না করেন কিংবা আত্মিক প্রশান্তিতে না থাকেন তবে কি করে বেঁচে থাকবেন এ নশ্বর দুনিয়ায়? অভিনেত্রী মিয়া ওয়াসিকওস্কা বলেন, জনপ্রিয়তা খুব ওঠানামা করে। কখনো এখানে তো কখনো সেখানে। ঢেউয়ের মতন আসা-যাওয়া করতেই থাকে।
নিজের কাছে নিজেই জনপ্রিয় হোন
পৃথিবীতে শুধুমাত্র যার জনপ্রিয়তা আপনার কাছে বিবেচিত, সেটি হলো আপনি নিজে। নিজেকে মূল্য দেওয়া, সম্মান করা এবং ভালোবাসা শিখুন।
নিজেকে কিভাবে প্রকাশিত করবেন আপনি অপরের কাছে, সেদিকে সম্পূর্ণ মনোনিবেশ করুন।
অন্যেরা আপনাকে কী ভাবে কিংবা কী চোখে দেখে তা নিয়ে কখনো নিজেকে যাচাই করবেন না। নিজেকে নিজের মতন বিচার করুন। নিজে কী অনুভব করেন ও ভাবেন, সেদিকে দেখুন।
অন্য মানুষের সঙ্গে আপনার রুচি কিংবা পছন্দ না মিললেও কখনো দুঃখভারাক্রান্ত হবেন না। গুরুত্বপূর্ণ মানুষেরা যতো যাই হোক, আপনাকে ছেড়ে যাবে না কখনো। আর যারা চলে যাবে তাদের আপন ভাবার কোন কারণ নেই।
সব সময় সঠিক কাজটি করুন
আমরা সকলেই ভালোবাসা এবং জনপ্রিয়তা পেতে চাই এবং সেজন্যে যেকোন কাজ করতে প্রস্তুত থাকি। এটি করা বন্ধ করতে হবে। জনপ্রিয়তা হারানোর ভয়ে আপনি কোনভাবেই যেন ভুল কোন কাজ না করে বসেন, সেদিকে লক্ষ্য রাখবেন। কোথাও শুধুমাত্র থাকার জন্য আছেন, এমন করে নিজের সঙ্গেই ছলনা করার দরকার নেই কোন। জীবন একটাই। কেন মিছেমিছি অপছন্দের কাজ করে সময়গুলো নষ্ট করবেন?



