সন্ত্রাসীমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে : এরদোগান

সিরিয়ায় সামরিক অভিযানের পরিধি বাড়ানোর হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তিনি বলেছেন, আফরিনে চলমান সামরিক অভিযানের পরিধি অন্যান্য শহর পর্যন্ত বিস্তৃত করা হতে পারে। উত্তর-পূর্ব দিকে ইরাক সীমান্ত পর্যন্ত তা বিস্তৃত হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
শুক্রবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রাদেশিক নেতাদের এক সমাবেশে তিনি এ কথা বলেন।
এরদোগান আরো বলেছেন, ইরাকের সীমানা পর্যন্ত এলাকা সন্ত্রাসীমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।
তুর্কি সামরিক অভিযান স্বল্প সময়ব্যাপী ও সীমিত পর্যায়ে রাখার মার্কিন আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, আফগানিস্তানে তাদের অভিযান কত দিন ধরে চলছে? প্রায় ২০ বছর ধরে। ইরাকে কত দিন ধরে চলছে? প্রায় ১৮ বছর ধরে!
গত শনিবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। সিরিয়ার গেরিলা গোষ্ঠী ওয়াইপিজিকে নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে বলে আঙ্কারা দাবি করেছে। তবে আফরিনে হামলার জন্য সিরিয়ার সরকারের কোনো অনুমতি নেয়নি তুরস্ক। সিরিয়া তুর্কি সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে ঘোষণা করেছে।




