জাতীয়শিরোনাম

সকালে উচ্ছেদ হলে বিকেলেই বসে যায় অবৈধ দোকানপাট

অবৈধ দোকানপাট উচ্ছেদের ১৫-২০ দিন আগে পুলিশ রিকুইজিশন দিয়ে সব আয়োজন করা হয়। কিন্তু সকালে উচ্ছেদ করা হলে বিকেলে আবার বসে যায় এসব অবৈধ দোকানপাট। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
বিশ্ব মশক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার ডিএসসিসি আয়োজিত এক পরিচ্ছন্নতা কার্যক্রম তদারক করতে আসেন সাঈদ খোকন। এর আগে ডিএসসিসি মেয়রের পূর্বঘোষিত কর্মসূচি সামনে রেখে আজ সকাল ৯টার দিকে ঢামেক হাসপাতাল এলাকার আশপাশের ৫০০ অবৈধ দোকান তড়িঘড়ি করে উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে মেয়র সাঈদ খোকনকে প্রশ্ন করা তিনি বলেন, ‘ঢামেক হাসপাতালের আশপাশে ও ফুটপাতে যেসব দোকানপাট রয়েছে, এগুলো আমি কতবার উচ্ছেদ করেছি, তা নিজেও বলতে পারব না। কিন্তু বাস্তবতা হচ্ছে উচ্ছেদের কয়েক ঘণ্টা পর, অর্থাৎ সকালে আমরা উচ্ছেদ করে গেলে বিকেলে কিন্তু আবার দোকানপাট বসছে। কয়েক ঘণ্টা আমরা ধরে রাখতে পারি, এর বেশি কিন্তু পারি না।’
সাঈদ খোকন আরো বলেন, ‘উচ্ছেদ অভিযানের জন্য কমপক্ষে ১৫-২০ দিন আগে পুলিশ রিকুইজিশনের জন্য আবেদন করতে হয়, কারণ পুলিশ নানা কাজে ব্যস্ত থাকে। সকল আয়োজন শেষে আমরা যখন পুলিশ পাই, তখনই এ অভিযান পরিচালনা করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই এত আয়োজনের মধ্যে দিয়ে যখন আমরা উচ্ছেদ করি, আবার এর কয়েক ঘণ্টা পরেই কিন্তু দোকানপাট ফিরে আসে।’
এ অবস্থা থেকে পরিত্রাণের কথা উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘যদি স্থানীয় প্রশাসন অথবা স্থানীয় পুলিশ এ বিষয়ে তদারকি করত, তাহলে হয়তো এমন হতো না। নতুবা সিটি করপোরেশনের যদি নিজস্ব পুলিশ থাকত, তাহলে এ বিষয়গুলো সার্বক্ষণিক নজরদারি করা যেত।’
এর আগে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, ডেঙ্গু রোগী আগের চেয়ে অনেকাংশে কমে যাচ্ছে। তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১৮ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি আছে পাঁচশর বেশি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button