সংসার ভাঙিয়েও প্রেমিককে বিয়ে করেননি ইয়ামি

রং ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন করে জনপ্রিয়তা পাওয়া ইয়ামি গৌতমের প্রেম ছিল বিবাহিত পুরুষের সঙ্গে। নায়িকার কারণে ভাঙে সেই সংসার। এরপর টেকেনি প্রেমও!
হিমাচল প্রদেশের বিলাসপুরে ইয়ামির জন্ম ১৯৮৮ সালের ২৮ নভেম্বর। তার বাবা ছিলেন পঞ্জাবি ছবির পরিচালক। বাড়িতে ফিল্মি পরিবেশ থাকলেও ছোট থেকে নায়িকা হওয়ার কোনো ইচ্ছা ছিল না ইয়ামির।
কলেজে ভর্তি হন আইনের ছাত্রী হিসেবে। কিন্তু নিয়মিত ক্লাস করতে পারলেন না। ততদিনে শুরু হয়েছে অভিনয়। বই খাতা ও লাইট-সাউন্ড-ক্যামেরার দুই নৌকায় পা রেখে চলা আর সম্ভব হলো না। ছেড়ে দেন কলেজ।
বিশ ছুঁইছুঁই বয়সে ইয়ামির প্রথম কাজ টেলিভিশনে। ‘চাঁদ কে পার ছালো’, ‘রাজকুমার আরিয়ান’ ও ‘ইয়ে প্যায়ার না হোগা কম’ ছোটপর্দায় তার উল্লেখযোগ্য কাজ। বলিউডের ডাকের জন্য অপেক্ষা করতে হয় ২০১২ সাল পর্যন্ত। তার আগে অবশ্য কন্নড় ছবিতে অভিনয় করেন। প্রথম হিন্দি ছবি ‘ভিকি ডোনার’ দিয়েই ইন্ডাস্ট্রিতে বাজিমাত ইয়ামির। একাধিক পুরস্কারও পান।
বলিউডে দুই বছর বিরতি দিয়ে অভিনয় করেন ‘অ্যাকশন জ্যাকসন’, ‘বদলাপুর’, ‘সনম রে’, ‘জুননিয়ৎ’-এর মতো ছবিতে। হিন্দি সিনেমার গতধরা নায়িকা হিসেবে থাকতে চাননি ইয়ামি। বিভিন্ন ধরনের চিত্রনাট্যে নিজেকে মেলে ধরেছেন পরবর্তীতে। তার ফিল্মোগ্রাফিতে নতুন নতুন পালক যোগ করে কাবিল, সরকার থ্রি, উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ও বালার মতো বৈচিত্রপূর্ণ ছবি।
ইয়ামির ক্যারিয়ারে যশ ও খ্যাতির হাত ধরে এসেছে বিতর্কও।‘সনম রে’ ছবির নায়ক পুলকিত সম্রাটের সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ এক সময় ছিল ইন্ডাস্ট্রির মুখরোচক গুঞ্জন। এ পরকীয়াতেই নাকি ভাঙে পুলকিতের সংসার। পরে বিচ্ছেদ হয়ে যায় পুলকিত-ইয়ামিরও।
২০১৪ সালে পুলকিত বিয়ে করেন অনেকে দিনের বান্ধবী শ্বেতা রোহিরাকে। কিন্তু এক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায়, বিয়ের পরের বছর মিসক্যারেজ হয় শ্বেতার। সে সময় মায়ের কাছে যান বিশ্রাম নেওয়ার জন্য। তখন ঘনিষ্ঠ হয়ে পড়েন পুলকিত-ইয়ামি।
একই ছবিতে কাজ করার সুবাদে দুজনে একই জিমে শরীরচর্চা করতেন। একসঙ্গে সময় কাটানোর পাশাপাশি ছবির সেটে পুলকিতের জন্য বাড়িতে রান্না করা খাবারও নিয়ে যেতেন ইয়ামি। দাম্পত্যে তৃতীয় কোণের উপস্থিতি মানতে পারেননি শ্বেতা। পুলকিতকে ছেড়ে চলে যান সালমান খানের পাতানো বোন।
বিবাহবিচ্ছেদের জন্য ইয়ামি-ই নাকি এক সময়ে চাপ দিতেন পুলকিতকে। যাতে নিজেদের সম্পর্ক সবাইকে জানাতে পারেন। কিন্তু শ্বেতা সরে যাওয়ার পর ভেঙে যায় পুলকিত-ইয়ামির প্রেম। আপাতত নিজের ক্যারিয়ারেই মন দিয়েছেন নায়িকা। মুক্তির অপেক্ষায় আছে পরের সিনেমা ‘জিনি ওয়েডস সানি’।




