খেলা

ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা মেসি

ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি দখল করলেন লিওনেল মেসি। রোনালদো ও ফন ডাইককে হারিয়ে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জিতেছেন আর্জেন্টাইন এই প্লে-মেকার। মিলানে অপেরা হাউজ লা স্কালায় সোমবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বার্সেলোনা তারকার হাতে পুরস্কারটি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
চলতি বছর ডাচ সেন্টার-ব্যাক ফন ডাইক ছিলেন এ পুরস্কারের জন্য ফেবারিট। লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ডিফেন্ডারের ফিফার মঞ্চেও জয়ের সম্ভাবনা বেশি ছিল। তাই বিজয়ী হিসেবে আর্জেন্টাইন তারকার নাম বিস্ময়ের জন্ম দেয়।
অবশ্য প্রতিবারের মতো গত মৌসুমটা দারুণ কেটেছে মেসির। বার্সেলোনাকে লা লিগা জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কাতালান ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ও কোপা দেল রের ফাইনালে ওঠাতেও বড় অবদান ছিল আর্জেন্টাইন তারকার। ২০১৮-১৯ মৌসুমে ইউরোপের ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন মেসি। ৩৬ গোল করা মেসির সবচেয়ে কাছে থাকা কাইলিয়ান এমবাপে লক্ষ্যভেদ করেছিলেন ৩৩ বার।
গত বছর রোনালদো ও মোহাম্মদ সালাহকে হারিয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছিলেন ‍মদরিচ। অন্যদিকে সেরা তিনে না থাকা মেসি এবার জিতে নিয়েছেন ফিফার শ্রেষ্ঠত্ব।
দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডের সেরা গোলরক্ষকের পুরস্কার পান ব্রাজিলের আলিসন। গত মৌসুমে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা আলিসন জাতীয় দল ব্রাজিলের হয়ে জেতেন কোপা আমেরিকা শিরোপাও। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে লিভারপুলের রানার্সআপ হওয়ায় দারুণ ভূমিকা ছিল আলিসনের।
ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ইয়ুর্গেন ক্লপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button