শ্রীলংকায় বোমা হামলার হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
শ্রীলংকার রাজধানী কলম্বোতে সিরিজ বোমা হামলায় ব্যাপক হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২১ এপ্রিল) পৃথক শোকবার্তায় তারা এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বোমা হামলায় শ্রীলংকা সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান ।
গণমাধ্যমে পাঠানো রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানান।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এছাড়া এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।




