খেলা

শেষ চারে মাশরাফির রংপুর

শেষ চারে যেতে হলে যেকোনো মূল্যে শেষ দুটি ম্যাচের একটিতে জিততে হতো রংপুরকে। তবে শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে রাজি ছিলেন না মাশরাফি বিন মুর্তজা। খুলনাকে ১৯ রানে হারিয়ে বিপিএলের শেষ চার নিশ্চিত করল রংপুর। ইতিমধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস পঞ্চম পর্বের শেষ চারে থাকাটা নিশ্চিত করেছে।
জয়ের জন্য খুলনাকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে ১২৮ রানেই শেষ হয় খুলনার ইনিংস।
রংপুরের করা ১৪৭ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ হয়েছিল খুলনার। মাইকেল কিলিঞ্জার ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতেই তুলে নেন ৬০ রান। শান্তকে ফিরিয়ে রংপুরকে ম্যাচে ফেরান অপু। এরপর একে একে আফিফ, মাহমুদউল্লাহ, নিকোল পুরান, কিলিঞ্জার ও কার্লোস বার্থওয়েটকে ফিরিয়ে ম্যাচে পুরোপুরিভাবে নিজেদের আধিপত্য বিস্তার করেন মাশরাফিরা।
দুটি ছয় মেরে ম্যাচে খুলনার সম্ভাবনা বাঁচিয়ে রাখেন জফরা আর্চার। রান আউটের ফাঁদে পড়ে আর্চার ফিরলে খুলনার শেষ আশাও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১২৮ রান করতে সমর্থ হয় মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এর আগে প্রথমে ব্যাটিং করে ছয় উইকেটে ১৪৭ রান করেছেন গেইল-মাশরাফিরা।
শুরুটা ভালো হয়নি রংপুরের। তৃতীয় ওভারে জিয়াউর রহমানের উইকেট হারায় দলটি। দলের রান তখন মাত্র ১১। এরপর কিছু সময়ের জন্য ঝড় তুলেছিলেন ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১ বলে ১৫ রান করে আউট হন ম্যাককালাম। গেইল চেষ্টা করেছিলেন তবে ৩৮ রানের বেশি করতে পারেননি এই ক্যারিবীয় ব্যাটসম্যান।
গেইল ফেরার পর কাপুগেদারা-নাহিদুল-রবি বোপারারা দ্রুত ফিরলে চাপে পড়ে যায় রংপুর। শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুনের ৩৫ বলে ৫০ ও মাশরাফির ১১ বলে ১৫ রানের ঝড়ে শেষ পর্যন্ত ১৪৭ রানের ভালো স্কোর গড়ে রংপুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button