
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: জনবল সংকটের কারণে ধুকে ধুকে চলছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট যোনাল অফিস। এ অফিসে সব মিলিয়ে ৩৬ জনের সবকটি পদ শুন্য থাকায় গুটি কয়েকজন অতিরিক্ত দায়িত্ব পালনের মধ্য দিয়ে চলছে ভোলাহাট রেশম সম্প্রসারণ অফিসের কাজ।
বাংলাদেশে রেশম সম্প্রসারণ বিভাগের ভোলাহাট যোনাল অফিস সূত্রে জানা গেছে এ অফিসে আটটি পদ থাকলেও কর্মরত একজনও নেই। রাজশাহী থেকে এসে একজন উপরিচালক শুধু অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি মাসে মাত্র একবার আসেন। সূত্র মতে দীর্ঘদিন যাবত শুন্য আছে হিসাব রক্ষক পদে একজন, কম্পিউটারম্যান পদে একজন,ক্যাসিয়ার পদে একজন, সহকারী পদে একজন পিয়ন পদে একজন ও অফিস সহকারী পদে একজন। যোনাল অফিসের রেশম বিজাগার শাখায় ১০টি পদে ২০জন জনবলের স্থলে মাত্র একজন অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। শুন্যপদ পদ গুলি হলো,ফার্ম ম্যানেজার পদে একজন, সহকারী ফার্মম্যানেজার পদে একজন, পরিদর্শক পদে চার জন, কম্পিউটার ম্যান পদে একজন, অফিস সহকারী পদে একজন,ক্যাশিয়ার পদে একজন,পিয়ন পদে চারজন,নিরাপত্তা পদে চারজন,এক্সপার্ট রিয়ারার পদে দুই জন ও এক্সপার্ট প্লান্টার পদে দুইজন।
এ যোনাল অফিসে রেশম সম্প্রসারণ কেন্দ্রে মোট চারটি পদে মোট ১৩জন জনবলের স্থলে একজনও নেই। এমনকি কেউ অতিরিক্ত দায়িত্ব পালনও করছেন না। পদগুলো হলো ম্যানেজার পদে একজন,সহকারী ম্যানেজার পদে একজন, পরিদর্শক পদে ১০জন ও পিয়ন পদে একজন। মিনি ফিলেচার কেন্দ্রে টেকনিক্যাল অফিসার,রিয়ারার ও পিয়ন এ তিনটি পদে কর্মরত একজনও নেই। অন্যদিকে রেশম সম্প্রসারণ বিভাগের রহনপুর,শিবগঞ্জ,নাচোল ও আড্ডা এ চারটি কেন্দ্রের কার্যক্রম স্থগিত রযেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে অফিস খোলা থাকলেও কোন কর্মচারী ও কর্মকর্তা নেই। শুধু অতিরিক্ত দায়িত্ব পালনরত একজ মহিলা পিয়ন ও একজন মাঠকর্মী কে দেখা গেছে।
এব্যাপারে রাজশাহী রেশম সম্প্রসারণ অফিসের উপপরিচালক মো: তরিকুল আলম জানান, আমি ভোলাহাট রেশম সম্প্রসারণ অফিসের সহকারী পরিচালক পদের অতিরিক্ত দায়িত্ব পালন করছি। আমাকে কয়েকটি অফিসের একই পদের দায়িত্ব পালন করতে হচ্ছে। তাই কোন অফিসেই নিয়মিত যাওয়া সম্ভব হয় না। দীর্ঘদিন যাবত বাংলাদেশ রেশম সম্প্রসারণ বিভাগের নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। তাই জনবল সংকট রয়েছে। জনবল সংকটের ব্যাপারে একাধিকবার সংশ্লিষ্ট উর্দ্ধতণ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে জনবল সংকটের কারণ কার্যক্রম ব্যাহত হয়নি। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি খুব শীঘ্রই জনবল সংকট কেটে যাবে।



