
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ক্লাস পরীক্ষা বন্ধ করে দেওয়ার পর এবার শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। শিক্ষার্থীদের শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়তে হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক হুমায়ুন কবির।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ক্লাস পরীক্ষা বন্ধের সময়সীমাও ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে গত ১৬ মার্চ করোনাভাইরাসের কারণে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।




