
গুজরাটে কানঘেঁষে ষষ্ঠ বারের জন্য ক্ষমতায় এল বিজেপি। কিন্তু কমল অনেকগুলি আসন। যার জেরে বিজেপির বিধায়ক তিন সংখ্যা থেকে নেমে এসেছে একেবারে দু’সংখ্যায়! ১০০ সংখ্যা এবার সম্ভবত অধরাই থাকছে বিজেপির। অন্যদিকে, আসন বাড়িয়ে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে কংগ্রেস। ১৮২ সদস্য বিশিষ্ট গুজরাট বিধানসভায় কংগ্রেস ৮০টি আসন পেতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্যে তাকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সম্মান আদায় করে নিলেন কংগ্রেসের নব নির্বাচিত সভাপতি রাহুল গান্ধী।
গত বিধানসভা নির্বাচনে ৬১ আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। এবার সেই আসন সংখ্যা অনেকটাই বাড়ল কংগ্রেসের।
এনসিপি একটি আসনে জিতেছে। ভারতীয় আদিবাসী পার্টি জিতেছে দুটি আসনে। কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী জিগনেশ মেবানি জিতেছেন। অন্য দুটি আসনে এগিয়ে রয়েছে নির্দলরা।
১৯৯৮ থেকে একটানা গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। ২০১২-র নির্বাচনে বিজেপি ১১৫টি আসনে জয়ী হয়েছিল। রাজ্য সরকার গঠনের জন্য জাদু-সংখ্যা ৯২। এবার তার থেকে সামান্য কটি বেশি আসন পেয়ে সরকার গড়তে চলেছে বিজেপি।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি পেয়েছে মোট ভোটের ৪৯.১ শতাংশ। ২০১২-র ৪৮ শতাংশের থেকে প্রাপ্ত ভোটের হার সামান্য বৃদ্ধি পেয়েছে।
শহর এলাকায় বিজেপির ফল ভালো হয়েছে। কিন্তু গ্রামীণ এলাকায় মুখ থুবড়ে পড়েছে গৈরিক দল।
রাজকোটে কংগ্রেসের ইন্দ্রনীল রাজগুরুকে ৫৪ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। মেহসানাতে জয়ের পথে উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কেন্দ্র থেকে গুজরাত বিধানসভায় নির্বাচিত হতেন সেই মণিনগর ধরে রেখেছেন বিজেপি প্রার্থী সুরেশ প্যাটেল। তিনি কংগ্রেস প্রার্থী শ্বেতা ব্রহ্মভাটকে ৭৫ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন।




