শিশুকন্যা আইসিইউতে, বাবা খেললেন টেস্ট

১৪ মাসের শিশুকন্যা আইসিইউতে, বাবা সেটা জানলেনই না। কিভাবেই বা জানবেন? তাকে যে ব্যস্ত থাকতে হলো টেস্ট খেলতে! এমন ঘটনাই ঘটেছে ভারত- নিউজিল্যান্ডের কলকাতা টেস্টে।
বাবা মোহাম্মদ শামি খেলছিলেন ভারতের হয়ে। দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়ে ভারতের জয়ে দারুণ অবদানও রেখেছেন তিনি। কিন্তু শামিকে এই টেস্ট খেলতে হয়েছে অসহ্য মানসিক যন্ত্রণা নিয়ে।
টেস্টের দ্বিতীয় দিন শামি যখন ইডেন গার্ডেনে দলের জন্য লড়ছিলেন, তখনই জ্বরে পড়ে তার ১৪ মাসের মেয়ে আয়রা। তখনও খবরটা জানেন না শামি। জ্বরাক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালেও ছুটতে হয়। ততক্ষণে জ্বর এতোটাই বেশি যে, তাকে রাখা হয় আইসিইউতে।
তখনও খবর যায়নি শামির কাছে। দিনের খেলা শেষ করার পর শামি খবর পান যে, মেয়ে তার হাসপাতালে। পরে মাঠ থেকেই হাসপাতালে ছুটে যান শামি। এভাবে দুদিন খেলা শেষ করে হাসপাতালে ছুটতে হয় এই পেসারকে।
শামির এতো কষ্ট অবশ্য আনন্দে পরিণত হয়েছে পরে। কারণ কলকাতায় নিউজিল্যান্ডকে হারিয়ে এক নম্বর হয়েছে তার দল। আর মেয়ের জ্বরও গেছে।




