শিবালয়ের চরাঞ্চলে জমির সীমানা নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষে হামলায় মো. শীকার শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার দুর্গম আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নারীসহ আরো ৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ভর্তি রয়েছে। আহতরা হলেন, হযরত আলী (৬০), জিলানী (৪০), আনু (৩০) আওয়াল (২৫) ও ইউসুফ (২০)। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলোকদিয়া চরাঞ্চলের আবাদকৃত তিল ক্ষেতের সীমানা নিয়ে ওই গ্রামর চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর, ছায়েদ, রওশন এবং আলমগীরসহ ১৪/১৫ জন সংঘবদ্ধ হয়ে রাম দাসহ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শীকার শেখ ও তার লোকজনের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য অন্যত্র প্রেরণ করেন। এ সময় ঢাকা নেওয়ার পথে শীকার শেখ মারা যান। স্থানীয় ইউপি সদস্য মজনু হক (মিনজু) জানান, ওই বৃদ্ধের জমির অংশের ভেতর জোর করে ঢুকে তিল আবাদ করছিল জাহাঙ্গীর ও তার সহযোগীরা । বিষয়টি নিয়ে সে প্রতিবাদ করলে রাম দাসহ দেশি অস্ত্র দিয়ে শীকার ও তার লোকজনের ওপর হামলা চালায় তারা। এ সময় সন্ত্রাসীরা তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে শীকার শেখ মারা যান।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এঘটনায় নিহতের ভাই হযরত আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।




