
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ অসনের শিবগঞ্জ উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুম ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ইকরামুল হক এবং জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সেনাবাহিনীর মেজর মোঃ মহিউদ্দিন হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আয়েশা আক্তার এবং বিজিবির নায়েব সুবেদার শামসুল আলম।
কর্মশালায় জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে আইন অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। প্রশিক্ষণ কর্মশালায় ১৬৭জন প্রিজাইডিং কর্মকর্তা, ৯৮৩ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১হাজার ৯৬৪ জন পোলিং কর্মকর্তা অংশ নেন।
এ অসনে মোট ভোটার ৫ লক্ষ ১৮১জন, পুরুষ ভোটার ২লক্ষ ৫৫হাজার ৩১৬জন, মহিলা ভোটার ২লক্ষ ৪৪হাজার ৮৬৫ জন ও পোস্টার ভোটার ৬হাজার ৩৬৫জন।




