
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: লীলাপুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সনাতন সম্প্রদায় ও জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে শিবগঞ্জ পৌর এলাকার রক্ষাকালী মন্দির প্রাঙ্গণ হতে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, সনাতন সম্প্রদায়ের নেতা প্রদীপ গড়গড়িয়া, শ্রী মটর চন্দ্র, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান সুমনসহ অন্যরা।
এদিকে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির ব্যানারে শিবগঞ্জ কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভা মিলিত হয়। উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক কমল কুমার ত্রিবেদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির উপদেষ্টা সাধন কুমার মনিগ্রাম, সদস্য গণপতি বারি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, বিএনপি নেতা আব্দুল আহাদ ও যুবনেতা শামিউম বাসার রাজাসহ অন্যরা।




