শিক্ষাশিরোনাম

শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দিল শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আর্থিকভাবে অসচ্ছল ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ফ্রি ইন্টারনেট ডাটা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার সকালে দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এবং মোবাইলে ডাটা পেয়েছেন এমন একাধিক শিক্ষার্থী।
এর আগে অসচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেটের খরচ দেয়ার ঘোষণা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সেই ঘোষণা অনুযায়ী রোববার সন্ধ্যা থেকে গ্রামীণসিম ব্যবহারকারী শিক্ষার্থীদের মোবাইলে ডাটা পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, করোনা শুরুর প্রথম থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু রয়েছে। আর এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দিতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতি বিভাগ থেকে আমাদের কাছে যত শিক্ষার্থীর তালিকা দিয়েছে আমরা সবাইকে ১৫ জিবি করে ডাটা দিয়েছি।
তিনি আরও বলেন, এক মাসের জন্য শিক্ষার্থীদের এ সেবা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ডাটা প্রয়োজন হলে একাডেমিক মিটিংয়ের মাধ্যমে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপের কারণে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার সময়ে শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে সারা দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই ধারাবাহিকতায় অনলাইন ক্লাস নিচ্ছে শাবিপ্রবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button