শিক্ষার্থীদের উপর চাপিয়ে না দিয়ে পছন্দের বিষয়ে পড়তে দেওয়া উচিত – ইউএনও মহিনুল হাসান

দাউদকান্দি( কুমিল্লা) সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় দাউদকান্দি উপজেলার চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অভিভাবক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান বলেছেন, শিক্ষার্থীদের পছন্দের বিষয় পড়তে দেওয়া উচিত। অনিচ্ছার বিষয় চাপিয়ে দিলে অভ্যর্থ লক্ষ্যে পৌছা সম্ভব নয়।
তিনি বলেন, শুধু শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, প্রশাসনিক কর্মকর্তা এমনকি রাজনৈতিক নেতা হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। তাহলেই স্ব স্ব পেশার মর্যাদা বৃদ্ধি পাবে এবং অভিষ্ট লক্ষ্যে পৌছা যাবে।
অভিভাবক সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সামাজিক অপরাধ প্রতিকার শীর্ষক এই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাদা মনের মানুষ মেছবাহউদ্দীন আহমদ বলেন, একটি শিক্ষাঙ্গনে পড়াশোনার যেসমস্ত ব্যবস্থার প্রয়োজন এই স্কুলে শতভাগ সেই পরিবেশ বিদ্যমান। তবে নির্মাণাধীন বহুতল একাডেমিক ভবনের কাজে ধীরগতির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কেএম ফজলুল হক সভায় আগত অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেছেন, এভাবে স্বতস্ফূর্তভাবে অভিভাবক উপস্থিতি আশার সঞ্চার সৃষ্টি হয়েছে।
স্বাগতিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভুইয়া বলেন, যেসময় চলে যায় সেটা ফিরিয়ে আনা যায়না। তাই শিক্ষার্থীরা পড়াশোনায় সময়ের শতভাগ কাজে লাগানো উচিত।
স্বাগতিক বক্তব্যে প্রধান শিক্ষক মোহাম্মদ মনির হোসেন বলেছেন, আর্থিক অসচ্ছলতার জন্য এই স্কুলে কেউ পড়াশোনা করতে পারে না এমন নজির নেই।
শিক্ষকদের পক্ষে মোঃ নুরুল আমিন, অভিভাবক সদস্য আব্দুল মান্নান ফরাজি, অভিভাবকদের পক্ষে মোঃ মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর, মোঃ মহসিন আলম, রাকিব হাসান ভুঁইয়া ও জোস্না বেগম ও শিক্ষক মন্ডলী।
এর আগে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান মাসুক ভুইঁয়া, সাধারন সম্পাদক আবদুস সালাম ভুইয়া ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী অতিথি বৃন্দকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
অতিথি ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের মাধ্যমে আয়োজনের সমাপ্তি করা হয়।




