জাতীয়

শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব রাজধানীর সড়কে

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর রাস্তাগুলোতে। অনিয়মের অভিযোগে প্রচুর সংখ্যক মামলা হলেও গতকাল সোমবার প্রধান সড়কগুলোতে বেশিরভাগ যান চলাচল করেছে বৈধ কাগজ নিয়ে।
আজ মঙ্গলবার ট্রাফিক বিভাগের অভিযানগুলোতে রাস্তায় অবৈধ যানবাহনের সংখ্যা কম দেখা গেছে । আর রাজধানীজুড়ে ট্রাফিক বিভাগ ও রোভার স্কাউটের প্রচার করা সচেতনতায় নিয়ম মেনেই গাড়ি চালিয়েছেন চালকরা। প্রচারণায় পথচারীদের আরো সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
২৯ জুলাই নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রাজপথে নেমে আন্দোলন করে শিক্ষার্থীরা। সরকারের কাছে দাবি জানানো হয় সড়ককে নিরাপদ করতে। ট্রাফিক পুলিশের পাশাপাশি নিজেরাই দায়িত্ব নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনায় অংশ নিয়ে চোখে আঙুল দিয়ে দেখানো হয় অব্যবস্থাপনা। এমন অবস্থায় রোববার থেকে দেশজুড়ে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হয়।
তেজগাঁও জোনের ট্রাফিক সার্জেন্ট রিয়াদ মোর্শেদ বলেন, ‘একটা গাড়িও যেন চেকিংয়ে বাইরে না যায় এবং যত রেফারেন্স আসুক বা যে এলিট শ্রেণি বা যাদের গাড়ি হোক না কেন প্রত্যককে প্রসিকিউটের আওতায় আনতে হবে, যদি তার কোনো ত্রুটি থাকে।’ তারই অংশ হিসেবে রাজধানীজুড়ে অবৈধ যানবাহনের ওপর চালানো হচ্ছে অভিযান। মামলাও হয়েছে কয়েক হাজার। রোভার স্কাউটকে সাথে নিয়ে ট্রাফিক বিভাগ সচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ট্রাফিক সচেতনতার বার্তা। বিভিন্ন অনিয়মের দায়ে মামলা জরিমানার পাশাপাশি চালকদের বোঝানো হচ্ছে এর কুফল।
তবে অভিযান চালানোর পাশাপাশি সচেতনতামূলক প্রচারে যান চলাচলে কিছুটা নিয়ম মানলেও রাস্তাগুলোতে জনসচেতনতার অভাব লক্ষ করা গেছে। বেশির ভাগ মানুষই ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ছাড়াই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। এতে সাধারণ মানুষের যেমন বাড়ছে জীবনের ঝুঁকি তেমন বিপাকে পড়ছেন গাড়ির চালকরা।
ট্রাফিক পুলিশে দায়িত্বপ্রাপ্তরা বলছেন, সাধারণ মানুষ সচেতন না হলে শুধু গাড়ি ও চালকদের নিয়ন্ত্রণ করে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়।
এ ব্যাপারে ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আলতাফ হোসেন বলেন, ‘সবকিছু করতেছি তাদের সচেতন করার জন্য, ফুটওভার ব্যবহার করার জন্য। কিন্তু তারা শোনে না। আমরা সংখ্যায় অল্প। তারা শত শত লোক এখানে। আমরা দুই-চারজনকে ধরলে তারা আরেক দিক দিয়ে চলে যায়। যেহেতু পুরা রাস্তাটা ফাঁকা।’
সড়ককে নিরাপদ রাখতে এবং সড়ক দুর্ঘটনা এড়াতে গাড়ির চালকসহ সর্ব সাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button