বিনোদন

শাহরুখের বাথরুম আস্ত ফ্ল্যাটের সমান!

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভ্যানিটি ভ্যানের বাথরুম আস্ত ফ্ল্যাটের সমান বড়, এ কথা বলে ভক্তকুলে চমক দিলেন সাহসী অভিনেত্রী স্বরা ভাস্কর।
শুটিং সেটে চলচ্চিত্র তারকাদের অন্যতম সঙ্গী তাঁদের ভ্যানিটি ভ্যান। মেকআপ করা থেকে শুরু করে বিশ্রাম নেওয়া, শুটিংয়ের সময় তারকাদের অন্যতম পছন্দের জায়গা এই ভ্যান। তারকারা তাই নিজের পছন্দমতো সাজিয়ে নেন এই ভ্যান। তবে অন্যতম ব্যয়বহুল ভ্যানিটি ভ্যানের মালিক কে জানেন? রোমান্সের রাজা শাহরুখ খান।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালে এই ভ্যানটি তৈরি করতে শাহরুখের খরচ হয়েছিল প্রায় চার কোটি রুপি!
সম্প্রতি শাহরুখের ভ্যানিটি ভ্যান নিয়ে চমকপ্রদ তথ্য জানান অভিনেত্রী স্বরা ভাস্কর। বলেন, শাহরুখের সঙ্গে তাঁর ভ্যানে বসে আড্ডা দেওয়ার সুযোগ হয়েছিল।
শাহরুখের ভ্যানটি বিলাসবহুল। আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে তাতে। পরিষ্কার-পরিচ্ছন্নতাও বজায় রাখতে কোনো ছাড় দেন না কিং খান।
‘শাহরুখ স্যারের ভ্যানিটি ভ্যান অনেক বড়। খুবই সুন্দর করে সাজানো। টিভিতে সারাক্ষণ খবর চলে। উনি খবর শুনতে খুব পছন্দ করেন। এই কারণে হালে কী চলছে, সে খবরও রাখেন। তাঁর ভ্যানিটি ভ্যানের বাথরুম একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাটের সমান বড়,’ বলেন স্বরা ভাস্কর।
পত্রপত্রিকার খবর, শাহরুখ খানের ভ্যানিটি ভ্যানে রয়েছে খাবারের জায়গা, পোশাক বদলানোর জায়গা, বিশেষ মেকআপ চেয়ার, আলাদা শৌচাগার ও শাওয়ার। এ ছাড়া বিশেষ পদ্ধতিতে ভ্যানের মধ্যে জায়গা বাড়ানোরও ব্যবস্থা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button