শাদাবের ঘূর্ণিতে সহজ জয় পাকিস্তানের

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে চারদিনের প্রস্তুতি ম্যাচে কাউন্টি দল নর্দাম্পটনশায়ারকে ৯ উইকেট পরাজিত করেছে পাকিস্তান। এই জয়ের ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে ফুরফুরে মেজাজেই নামতে পারবে সরফরাজ আহমেদের দল। আয়ারল্যান্ডের অভিষেক টেস্টের প্রতিপক্ষ পাকিস্তান। ১১ মে থেকে শুরু হবে সেই ম্যাচ।
এই ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমাম-উল-হকের অপরাজিত ৫৯ ও হারিস সোহেলের অপরাজিত ৫৫ রানে সহজ জয় তুলে নেয় পাকিস্তান। প্রথম ইনিংসেই বড় লিড পাওয়া পাকিস্তানের সামনে বড় টার্গেট দাড় করাতে পারেনি কাউন্টি দলটি।
প্রথম ইনিংসে নর্দাম্পটনশায়ারের ২৫৯ রানের জবাবে আসাদ শফিকের অপরাজিত ১৮৬ রানের সুবাদে ৪২৮ রান করে পাকিস্তান। লিড পায় ১৬৯ রানের।
প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৪০ রান তুলেছিলো নর্দাম্পটনশায়ার। শেষ পর্যন্ত ৩০১ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৮ রান করেন অধিনায়ক রব নিউটন। বল হাতে পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ও শাহদাব খান ৪টি এবং রাহাত আলী ২ উইকেট নেন। জয়ের জন্য ১৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৭ ওভারে ১ উইকেট হারিয়ে সহজেই জয় তুলে নেয় সফরকারীরা।
দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তরুণ লেগস্পিনার শাদাব খান।




