বিনোদন

শাকিব-অপুর বিচ্ছেদ কার্যকর

শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়েছে। আজ ১২ মার্চ সোমবার থেকে শাকিব ও অপুকে স্বামী-স্ত্রী হিসেবে গণ্য করা হবে না। এমনটাই জানালেন ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাসের মামলাটি খারিজ করব। আজ আমাদের তৃতীয় ও শেষ তারিখ ছিল। এর আগে দুবারে তাঁদের তলব করা হয়, প্রথমবার অপু বিশ্বাস এসেছিলেন, কিন্তু দ্বিতীয় তারিখে কেউ আসেননি। আজ এখন পর্যন্ত শাকিব-অপুর পক্ষে কেউ আমাদের সাথে যোগাযোগ করেননি। যদিও এক পক্ষের কেউ এসে কোনো লাভ নেই। পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী বিবাহ বিচ্ছেদ কার্যকর হচ্ছে আজ।’
ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বলেন, ‘শাকিব খান যেদিন স্বাক্ষর করেছিলেন, সেদিন থেকে তিন মাস পর কার্যকর হবে ব্যাপারটা এমন নয়। আমরা সিটি করপোরেশন তাদের তিন মাসে তিনবার ডাকব, সেই তৃতীয়বার বিষয়টির ফয়সালা হবে। সেই হিসেবে আজ তাদের বিচ্ছেদ কার্যকর হচ্ছে।’
গত বছরের ডিসেম্বরে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। তালাকের একটি কপি ঢাকা উত্তর সিটি করপোরেশনে পাঠানো হয়। গত ২৪ ডিসেম্বর একটি চিঠির মাধ্যমে সিটি করপোরেশনে ১৫ জানুয়ারি হাজির হতে শাকিব খান ও অপু বিশ্বাসকে বলা হয়। সেদিন শুধু অপু বিশ্বাস সিটি করপোরেশনে গেলেও শাকিব খান যাননি। দ্বিতীয়বার ১২ ফেব্রুয়ারি তাঁদের ডাকা হলে দুজনে অনুপস্থিত থাকেন। আজ ১২ মার্চ তৃতীয় ও শেষবারের জন্য তাঁদের আবারও ডাকা হয়েছে। বেলা ১২টা নাগাদ কেউ উপস্থিত না হওয়ায় বিবাহবিচ্ছেদ কার্যকর হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button