লোকালয়ে হনুমান, মানুষ ছুটছে পিছুপিছু!
বগুড়ার নন্দীগ্রামে হঠাৎ দেখা দিয়েছে এক হনুমান। উপজেলার রণবাঘা এলাকায় চারদিন ধরে বিচরণ করছে হনুমানটি। এমন সংবাদে হনুমানটি দেখতে ভিড় করছে এলাকার লোকজন। তবে এখনো পর্যন্ত হনুমানটি কারো কোনো ক্ষতি করেনি বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, গত ২ অক্টোবর, বুধবার হনুমানটিকে প্রথমে নাটোর জেলার সিংড়া উপজেলার সীমান্তবর্তী কৈগাড়ী গ্রামে দেখতে পাওয়া যায়। পরে এটি নন্দীগ্রাম উপজেলার মুথরাপুর গ্রামে চলে আসে। এরপর গতকাল ৫ অক্টোবর, শনিবার সকাল থেকে রণবাঘা বাজারে ছুটে বেড়াচ্ছে এ হনুমানটি। গাছের মগডাল, বাড়ির ছাদ অথবা টিনের চালে দাপড়ে বেড়াচ্ছে এটি।
হনুমানটিকে একনজর দেখতে ভিড় করছে উৎসুক জনতা। এটি যেখানেই যাচ্ছে জনসাধারণও তার পিছু পিছু ছুটে। মানুষের অতি আগ্রহে হনুমানটি যেন কিছুটা অস্বস্তি বোধ করছে। বেশ কয়েকদিন ঠিকমতো খাবার না পেয়ে অনেকটা হনুমানটিকে অনেকটাই দুর্বল দেখা যাচ্ছে। তবে মাটিতে নেমে আসলে অনেকেই এটিকে কলা-বিস্কুট খেতে দিচ্ছেন।
এলাকাবাসী ধারণা করছেন, কোনো ফলের গাড়িতে করে ফল খেতে খেতে অথবা যশোর থেকে দলছুট হয়ে এদিকে চলে এসেছে এ হনুমানটি। আবার খাদ্যসংকটে পড়েও লোকালয়ে খাবারের সন্ধানেও আসতে পারে এটি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ এলাকায় হনুমান আসার কথা শুনেছি। হনুমানটি উদ্ধারে বন্যপ্রাণী বিভাগকে অবহিত করা হয়েছে।’




