খেলা

লা লিগায় আবার হোঁচট বার্সেলোনার

লা লিগার শুরুটা দারুণভাবেই করেছিল বার্সেলোনা। প্রথম চারটি ম্যাচ জিতে দখল করেছিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান। তবে এরপর টানা তিনটি ম্যাচে হোঁচট খেয়ে বিপাকে পড়েছে কাতালানরা। এর মধ্যে দুটিতে ড্র আর একটিতে হার। গতকাল শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ১-১ গোলে ড্র করেছে বার্সা।
লা লিগায় নিচের সারির দুই দল জিরুনা ও লেগানেসের বিপক্ষে জয় পায়নি বার্সা। লেগানেসের বিপক্ষে তো হেরেই বসেছিল ২-১ গোলে। সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবার বিলবাওয়ের বিপক্ষে ড্র করে হোঁচট খেয়েছে বার্সেলোনা।
নিজেদের মাঠে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ৪১ মিনিটের মাথায় বার্সার জালে বল জড়িয়ে দিয়েছেন বিলবাওয়ের অস্কার দি মার্কোস। এরপর ম্যাচের প্রায় পুরোটা সময়ই এই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল বিলবাও। হারের শঙ্কাই হয়তো চেপে বসেছিল বার্সা সমর্থকদের মনে। তবে ৮৪ মিনিটের মাথায় দলকে উদ্ধার করেন মুনির আল হাদ্দাদি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সাকে।
বিলবাওয়ের বিপক্ষে এই ম্যাচে শুরু থেকে মাঠে দেখা যায়নি দলের সেরা তারকা লিওনেল মেসিকে। প্রথমার্ধে ডাগআউটে বসে ছিলেন এই আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় তিনি নেমেছিলেন মাঠে। মেসিকে শুরু থেকে না খেলানোর জন্য বেশ সমালোচনার মুখেও পড়েছেন বার্সার কোচ আর্নেস্তো ভেলভার্দে।
তবে নিজের সিদ্ধান্তকে সঠিক দাবি করে তিনি বলেছেন, ‘কী ঘটবে বা ঘটতে যাচ্ছে, সে ব্যাপারে চিন্তা করেই আমাকে সিদ্ধান্ত নিতে হয়। মেসি আর বুসকেটসকে বিশ্রাম দেওয়ার ভাবনাটা ঠিকই ছিল। আগামী বুধবার আমাদের বড় একটা ম্যাচ খেলতে হবে।’
বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইংল্যান্ডের ক্লাব টটেনহামের বিপক্ষে খেলতে হবে বার্সেলোনাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button