
নাজিম আল হাসান, রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলা কৃষি ব্যাংকে কৃষি ঋণ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তার সঙ্গে অভিযানে অংশ নেন সহকারী পরিচালক মো.রাজু আহমেদ, উপসহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, সহকারী পরিদর্শক মোহাম্মদ আবু ছাদেকসহ মোট পাঁচ সদস্যের একটি টিম।
অভিযান শেষে সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন বলেন, কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে একই মৌজার খতিয়ান ব্যবহার করে অন্য এলাকার লোকের নামে আবেদন করা হয়েছে। দালালদের মাধ্যমে এসব আবেদন অনুমোদিত হওয়ায় প্রকৃত কৃষকরা নিয়মিতভাবে বঞ্চিত হয়েছেন।
তিনি আরও জানান, কৃষি ব্যাংক থেকে চেক অথবা একাউন্টের মাধ্যমে সরাসরি কৃষকের কাছে টাকা হস্তান্তরের নিয়ম থাকলেও তা অনুসরণ করা হয়নি। ঋণের আবেদন যাচাই-বাছাই এবং সরেজমিন পরিদর্শন করার নিয়ম থাকলেও সেগুলোও করা হয়নি।
কৃষক রফিকুল ইসলাম বলেন, “চেকের মাধ্যমে নয়, হাতে হাতে টাকা দেওয়া হয়েছে—যা সম্পূর্ণ অনিয়ম। এতে প্রকৃত কৃষকদের না দিয়ে দালালদের মাধ্যমে মোট ৬০ কোটি ১৯ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ হয়েছে বলে দুদকের তদন্তে সত্যতা পাওয়া গেছে।
দুদক কর্মকর্তা জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ শেষে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানকে ঘিরে লংগদু এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সাধারণ কৃষকরা অভিযোগ করেছেন, বছরের পর বছর প্রকৃত কৃষকদের বঞ্চিত করে দালালদের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে।
দুদক জানায়, “কৃষি ব্যাংকে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, দুর্নীতি ও দালালচক্রের কারসাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”




