রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তির আহ্বান জাতিসংঘের

মিয়ানমারে দেশটির রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের দায়ে কারাদণ্ড পাওয়া রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দায়িত্ব পাওয়ার একদিন পরই মিয়ানমারকে এ আহ্বান জানান জাতিসংঘের নবনিযুক্ত মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট।
সোমবার দুই সাংবাদিককে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেয় ইয়াঙ্গুনের উত্তরের জেলা আদালত। এরপর একই দিনে তাদের মুক্তির আহ্বান জানিয়ে বিবৃতি দেন মিশেল ব্যাচলেট।
বিবৃতিতে ব্যাচেলেট বলেন, এই রায় বার্তা দেয় যে মিয়ানমারে কর্মরত সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। তারা হয়তো চুপ থাকছেন নয়তো ঝুঁকিপূর্ণ বিচার ব্যবস্থার সম্মুখীন হচ্ছেন। বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান রক্ষা করা হয়নি। এছাড়া মু্ক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের জন্য মিয়ানমারের নিন্দা জানান তিনি।
সোমবার রাষ্ট্রের গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারে গত বছরের ডিসেম্বরে আটক রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়েকে (২৮) সাত বছর কারাদণ্ড দেয় ইয়াঙ্গুনের একটি আদালত।
বিচারক ইয়ে লউইন রায়ে বলেন, অভিযুক্তরা রাষ্ট্রের ক্ষতি করতে চেয়েছিল। তাই রাষ্ট্রের গোপনীয়তা লঙ্ঘন আইন অনুসারে তাদের দোষী সাব্যস্ত করা হলো।
তবে বরাবরই নিজেদের নির্দোষ দাবি করে আসছেন ওই দুই সাংবাদিক। তাদের কারাদণ্ডের আদেশের নিন্দা জানিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ডেনমার্কসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা বিবৃতি দিয়েছে।
এবিসি নিউজ/ঢাকাটাইমস




