রোনাল্ডো জাদুতে ফাইনালে পর্তুগাল

স্বপ্ন পূরণের পথে আরেক ধাপ এগোতে দলকে পথ দেখালেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ তারকার জাদুতে ওয়েলসকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পর্তুগাল।
প্রথমবার খেলতে এসেই রূপকথা রচনা করতে চাওয়া গ্যারেথ বেলদের ফিরে যেতে হলো শেষ চার থেকে।
সেমি-ফাইনালে পর্তুগালের ২-০ ব্যবধানের জয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক রোনাল্ডো। অবদান রাখেন নানির করার অন্য গোলে।
বুধবার লিওঁয়ে প্রথমার্ধে নৈপুণ্যের ঝলক দেখানো রোনাল্ডো বা বেলরা সে অর্থে পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেননি।
কখনো ক্রসে পা ছোঁয়াতে পারেননি রোনাল্ডো, কখনও দূর থেকে বেলের শট লক্ষ্যে থাকেনি। খেলোয়াড়দের অল্প যে কয়টা প্রচেষ্টা লক্ষ্যে ছিল সেগুলো সামলাতে মোটেও বেগ পেতে হয়নি দু্ই গোলরক্ষকের।
দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুইবার ওয়েলসের জালে বল পাঠিয়ে ম্যাচ অনেকটাই নিজেদের মুঠোয় পুরে ফেলে পর্তুগাল।
প্রথমার্ধে বিপজ্জনক মনে হচ্ছিল রোনাল্ডোর হেড। দ্বিতীয়ার্ধে সেই হেডেই ভাঙেন ওয়েলসের প্রতিরোধ। ৫০তম মিনিটে কর্নার থেকে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে জাল খুঁজে নেন রোনাল্ডো।
দলের সবচেয়ে বড় তারকাই পরের গোলের স্থপতি। রোনাল্ডোর কাছ থেকে পেয়েই শুয়ে পা লাগিয়ে বল জালে পাঠান নানি।
৬৩তম মিনিটে রোনালদোর ডান পায়ের ফ্রি-কিক একটুর জন্য লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পর ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন জোয়াও মারিও। গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন এই মিডফিল্ডার।
দুই গোলে এগিয়ে যাওয়া পর্তুগাল সফল রক্ষণেও। একের পর এক আক্রমণেও পর্তুগিজদের জমাট রক্ষণ ভাঙা সম্ভব হয়নি বেলদের। উল্টো প্রতি-আক্রমণ থেকে আরও পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে দলটি।
৭৪তম মিনিটে এমনই এক প্রতি-আক্রমণ থেকে অল্পের জন্য লক্ষ্যে থাকেনি রেনাতো সানচেসের শট। চার মিনিট পর দানিলোর শট ওয়েলস গোলরক্ষকের হাত ফস্কে গোলের দিকেই যাচ্ছিল। তবে পরের চেষ্টায় বল নিয়ন্ত্রণে নেন তিনি।
শিরোপা লড়াইয়ে পর্তুগাল খেলবে জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সেমি-ফাইনালের জয়ী দলের বিপক্ষে।




