রোদ বৃষ্টি ঝড় তুফানের ঝুঁকি নিয়ে শিক্ষা কার্যক্রম চলছে তিন চিটা স্কুলে

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৬৪নং তিন চিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে রোদ বৃষ্টি ঝড় তুফানের ঝুঁকি নিয়ে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠালাভ করা স্কুলটিতে প্রচন্ড রোদ্রতাপ, ঝং ধরা ছিদ্র টিনের চালা দিয়ে বৃষ্টি এবং ঝড় তুফানের ঝুঁকি সত্ত্বেও পড়াশোনা এখানেই করতে হচ্ছে কোমলমতি শিশুদের। শিক্ষক এবং পরিচালনা কমিটির অনেকবার আবেদন নিবেদন করা হলেও নতুন একাডেমিক ভবন আলোর মুখ দেখছে না। উপজেলার বিভিন্ন স্থানে নতুন নতুন ভবন হলেও এদিক থেকে পিছিয়ে রয়েছে তিন চিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ২০৬ জন শিক্ষার্থীর জন্য আটজন শিক্ষক নিয়োগ দেওয়া থাকলেও দুইজন প্রশিক্ষণের জন্য বাইরে থাকায় ক্লাস করাচ্ছে ছয়জন শিক্ষক, এছাড়া রয়েছে একজন দপ্তরি। স্কুলের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী রেজাউল করিম জানান, আমরা শিক্ষক শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ আধুনিক একাডেমিক ভবন চাই। পুরাতন এই জরাজীর্ণ ভবনে নিরুপায় হয়ে ক্লাস নিচ্ছে শিক্ষক বৃন্দ, কোমলমতি শিশুদের জন্য অভিভাবকেরা সবসময় চিন্তিত থাকেন জরাজির্ণ ভবনের কারনে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবিষয়ে জরুরি ভাবে গুরুত্বারোপ করার জন্য তিনি বিনীত ভাবে অনুরোধ করেছেন। প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেন সভাপতির সাথে ঐক্যমত পোষন করে বলেন, উপরোক্ত সমস্যার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নেই। স্কুলের নামে ডুবা জমি থাকলেও এখানে খেলাধুলা করতে পারছে না ছাত্র ছাত্রীরা। ডুবাটি ভরাট হলে খেলাধুলার একটি পরিবেশ হবে। উপজেলা শিক্ষা অফিস সহ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং এমপি মহোদয়কে বিষয়গুলো নজর দিতে তিনিও বিশেষ ভাবে আবেদন করেছেন।




