বিনোদন

রূপকথার এই প্রাসাদে হচ্ছে দীপ-বীরের বিয়ে!

দীর্ঘদিন মেঘলা আকাশ আর বিজলির ঝলকানির পর আজ ইতালির লেক কোমোয় হচ্ছে বলিউডের জনপ্রিয় তারকা জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের বিয়ে। বলিউড সুন্দরীর রূপের বিভাকে আরেকটু বাড়িয়ে দিতেই আজ উদয় হয়েছে সূর্য। ৮০০ বছরের পুরোনো প্রাসাদ ভিলা দে ব্যালবিয়ানো ফের তার দ্যুতি ছড়াচ্ছে।

প্রাসাদের চতুর্দিকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা। ইতালির পুলিশ ও দীপিকা-রণবীরের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী চারপাশ নজরদারি করছে। লেকে নৌকায় চেপে টহল দিচ্ছে তারা। বাইরের কেউ ঢুকতেই পারবে না। এমনকি নিমন্ত্রিত অতিথিরাও মুঠোফোন নিয়ে যেতে পারবেন না।

সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, দীপবীরের অতিথিরা থাকবেন ভিল ডেল ব্যালবিয়ানো থেকে ৩০ কিলোমিটার দূরে বিলাসবহুল কাস্তাদিভা হোটেলে। দ্রুত যেতে চাইলে তাঁদের যেতে হবে হ্রদে থাকা নৌকায় চড়ে।

একটি সূত্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, সর্বসাকল্যে একশজন অতিথি থাকছেন বিয়েতে। তাঁদের বেশিরভাগই দীপিকা ও রণবীরের পরিবারের সদস্য। সূত্রটি আরো জানিয়েছে, সুপারস্টার শাহরুখ খান, চিত্রনির্মাতা ফারাহ খান, সঞ্জয় লীলা বানসালি দীপবীরের বিয়েতে উপস্থিত থাকবেন।

এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে দীপবীরের বিয়ের অনুষ্ঠান। কোঙ্কনি প্রথায় ফুলমুদ্দি হয়েছে এই জুটির। হয়েছে আংটি বদল।

ফুলমুদ্দি কী? ঐতিহ্যবাহী কোঙ্কনি প্রথায় এই অনুষ্ঠানে পাত্রীর বাবা পাত্রের বাবা-মাকে আমন্ত্রণ জানান। দীপিকার বাবা এ দিন রণবীরের হাতে একটি নারকেল দেন। তার পর আনুষ্ঠানিকভাবে তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানান। ঠিক এর পরই প্রথা মেনে আংটি বদল করেন দীপিকা-রণবীর। দুই পরিবারের সদস্যরা শুভেচ্ছা জানান তাঁদের।

ভিলা ব্যালবিয়ানোতে হলুদ ও মেহেদি অনুষ্ঠানও হয়েছে। শুভ মঙ্গলের পর দীপিকা ভেঙে পড়েন। সংবাদমাধ্যম পিংকভিলাকে এক নিমন্ত্রিত অতিথি বলেছেন, দীপিকার মানসিক অবস্থা বুঝতে পেরে রণবীর তাঁকে জড়িয়ে ধরেন। ফের তাঁকে হাসিয়ে তার পর থামেন।

পিংকভিলার খবর, সংগীত অনুষ্ঠানে রণবীর ছিলেন খোশমেজাজে। তিনি ঢোলের তালে দারুণ নেচেছেন। একসময় নিজেই ঢোল হাতে নিয়ে বাজাতে শুরু করেন। তার পর ডিজের বিটে পা মেলান দীপবীর।

গত শনিবার পরিবার ও ঘনিষ্ঠ স্বজনদের নিয়ে ইতালি যান দীপবীর। সঙ্গে ছিলেন ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্টরা। তাঁদের হাতেই বিমানবন্দরে সব্যসাচী কালেকশনের ব্যাগ দেখা গেছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, লেক কোমোর প্রাসাদের ৭৫টি ঘর ভাড়া নিয়েছেন দীপবীর। সে ঘরগুলো সেজেছে বর্ণিল রূপে। বিয়ের পার্টির জন্য সব কক্ষ বরাদ্দ নেওয়া হয়। পুরো লেক এলাকা সাজানো হয়েছে। সেখানে স্পা কেন্দ্রও আছে। পুরো রিসোর্টটির আয়তন প্রায় ২৬ হাজার স্কয়ার ফুট, এর জন্য তাঁদের প্রচুর অর্থ খরচ করতে হয়েছে।

দীপিকা বিয়ের জন্য গয়না কিনেছেন দুই কোটি রুপির। শুধু মঙ্গলসূত্রটির দামই ২০ লাখ রুপি। জানা গেছে, সি-প্লেনে চড়ে বিয়ে করতে যাবেন রণবীর। বরযাত্রীদের জন্য বিলাসবহুল পালতোলা নৌকার ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে কয়েক কোটি টাকা বিয়ের পেছনে খরচ হচ্ছে।

কোঙ্কনি প্রথা সম্পন্ন মানেই আনুষ্ঠানিকভাবে দীপিকা-রণবীর এখন বিবাহিত দম্পতি। কোটি ভক্তের শুভেচ্ছায় সিক্ত এই তারকাযুগল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button