রুনার গানে মাতবে ইডেন

হরেক রকম আয়োজন। ব্যাট-বলের লড়াই দেখার পাশাপাশি দর্শকরাও উপভোগ করতে পারবেন গান। প্রথম দিনের খেলা শেষে স্টেডিয়ামেই সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করব ভারত। যেখানে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা গান পরিবেশন করবেন।
এ নিয়ে বিসিসিআিই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানান, দুই দল, সাবেক অধিনায়করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রুনা লায়লা গাইবেন। রুনার সঙ্গে জিৎ গাঙ্গুলী, সৌমেন্দ্র, সৌরজিতও পারফরম্যান্স করবেন ইডেনে।
বিসিসিআই সভাপতি আরও জানান, এই টেস্ট ম্যাচ ঘিরে ব্যাপক অনুষ্ঠান রাখা হয়েছে। আয়োজনের উদ্যোগ দেখে মুগ্ধ তিনি। নিজেও।
উল্লেখ্য, শুক্রবার ইডেনে দিবারাত্রির টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই দিন কলকাতার ইডেন গার্ডেনসে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে গোলাটি টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই টেস্ট দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারত গোলাপি-যুগে প্রবেশ করবে। তাইতো আয়োজক দেশটি চায় ম্যাচটা স্মরণীয় করে রাখতে। সেজন্য নানামুখী আয়োজন হাতে নিয়েছে তারা।
বিশেষ পোশাক, ট্রফিতে নতুনত্ব, গোলাপি টিকিট থেকে শুরু করে সোনার মুদ্রা ও হিরার স্বারকের ব্যবস্থাও করছে ভারত। জানা গেল বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ভীষণ মূল্যবান এক স্মারকও এরইমধ্যে তৈরি করেছেন আয়োজকেরা। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের জন্য হরেক রকমের খাবার তো থাকছেই।




