রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ ড্র

কী হলো রিয়াল মাদ্রিদের। মৌসুমের শুরু থেকে যেন উড়ছিল স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু কয়েকটি রাউন্ড যেতে না যেতেই খেই হারিয়ে ফেললো জিনেদিন জিদানের শিষ্যরা। একটি-দুটি নয়, টানা চারটি ম্যাচ ড্র করলো লজ ব্লাঙ্কোজরা।
রোববার রাতেও ১-১ গোলে ড্র করলো এইবারের সঙ্গে। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এইবারের সঙ্গে এ ড্রয়ের ফলে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান হারাতে হলো রিয়াল মাদ্রিদকে। ৭ ম্যাচ শেষে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১৫ পয়েন্ট নিয়ে সমতায় থাকলেও গোল ব্যবধানে এখন তারা দ্বিতীয় স্থানে।
৬ ম্যাচে ১৩ পয়েন্ট থাকার কারণে এখন বার্সেলোনার সামনেই শীর্ষে ওঠার সুযোগ। ড্র করা টানা চারটি ম্যাচের মধ্যে একটি আবার চ্যাম্পিয়ন্স লিগের। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। আগের দুই ম্যাচ ছিল লাস পালমাসের সঙ্গে ২-২ এবং তার আগে ভিয়ারিয়েলের সঙ্গে ১-১ ড্র। সর্বশেষ এইবারের সঙ্গে ১-১।
এবারের মতো তুলনামুলক দুর্বল দলের বিপক্ষে নিজেদের মাঠে শুরুতেই গোল খেয়ে বসে জিদানের শিষ্যরা। খেলার বয়স তখনও মাত্র ৭ মিনিট। এ সময়ই এইবারকে এগিয়ে দেন ফ্রান রিকো। অ্যান্ডার ক্যাপার ক্রস থেকে ভেসে আসা বলটিতে দুর্দান্ত হেড করেন ফ্রান রিকো।
এ সময় রিয়ালের ডি কক্সে অনেক জায়গা ফাঁকা পেয়েছিলেন তিনি। এর ১২ মিনিট পর, অর্থাৎ খেলার ১৮ মিনিট পর রিয়ালকে সমতায় ফেরান গ্যারেথ বেল। ক্রিশ্চিয়ানো রোনালদোই এইবারের রক্ষণ ভাঙেন। তিনি বল এগিয়ে দেন ফাঁকায় দাঁড়ানো বেলকে। তিনিই দারুণ এক শটে এইবারের জালে বল জড়ান।
এরপর অবশ্য রিয়ালকে জয় এনে দেয়ার মতো আর কেউ দায়িত্ব নিতে পারেননি। গোল এলো না আর কারও পা থেকে। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ত্যাগ করতে হলো রিয়াল মাদ্রিদকে।



