
ভুটানেও করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। তবে একজন মাত্র ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এক মার্কিন নাগরিক দেশটিতে বেড়াতে আসলে তার দেহে করোনাভাইরাস ধরা পড়ে।
দ্য স্টার জানায়, করোনাভাইরাস সংক্রমণের ঘটনায় ভুটানের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই মাস্ক ও জীবাণুনাশক সামগ্রী কিনতে ফার্মেসি ও স্টোরগুলোতে ভিড় জমায়। এতে রাজধানী থিম্পুতে এসব পণ্যের সংকট দেখা দেয়।
এমন পরিস্থিতিতে শনিবার শহরটির একাধিক স্থানে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করছে ভুটান সরকার। এ কাজে যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং নিজেও।
ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কার্যক্রমের কিছু ছবি শেয়ার করা হয়। এতে দেখা যায়, লোটে শেরিং নিজে একটি পিকআপ ট্রাকের ওপর দাঁড়িয়ে মানুষের মধ্যে জীবাণুনাশক বিতরণ করছেন। তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মীরাও।
ফেসবুকের ওই পোস্টে জানানো হয়, তিনটি জায়গায় জনপ্রতি ১০০ মিলিলিটার করে বিনামূল্যে জীবাণুনাশক বিতরণ করা হয় এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়া মাস্ক-জীবাণুনাশক নিয়ে অসচ্ছল মানুষদের পাশে দাঁড়ানোর জন্যও দেশের ধনী ব্যক্তিদের প্রতি আহ্বান করে ভুটান সরকার।
প্রসঙ্গত, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে তিনি এমবিবিএস পাস করেছেন। পরবর্তীতে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়েও (তৎকালীন পিজি হাসপাতাল) গবেষণায় যুক্ত ছিলেন তিনি।
২০১৮ সালে ভুটানের জাতীয় নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। নির্বাচনে ৪৭টি আসনের মধ্যে ৩০টিতে জয়লাভ করে তার দল ডিএনটি। ২০১৯ সালে তিনি বাংলাদেশ সফর করেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজেও ভ্রমণ করেন তিনি।




